ঘরের মেঝেতে পড়ে ছিল ব্যবসায়ীর মরদেহ | Daily AjKaler Kontho

ঘরের মেঝেতে পড়ে ছিল ব্যবসায়ীর মরদেহ


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : অক্টোবর ১০, ২০২২, ১১:৪০ পূর্বাহ্ন
ঘরের মেঝেতে পড়ে ছিল ব্যবসায়ীর মরদেহ

নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর ডিমলা উপজেলার সদর ইউনিয়নে নিজ ঘর থেকে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (৯ অক্টোবর) বিকেলে ওই ইউনিয়নের বাবুরহাট বিজয় চত্বর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত ব্যক্তি জেলার জলঢাকার খারিজা গোলনা এলাকার আব্দুল হাইয়ের ছেলে আনোয়ারুল ইসলাম চৌধুরী। তিনি উপজেলার বাবুরহাট বাজারের ডাচ বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখা পরিচালনা করতেন বলে জানা গেছে।

জানা গেছে, শনিবার (৮ অক্টোবর) সকালে আনোয়ারুলের স্ত্রী সুখি বেগম ছেলে-মেয়েকে নিয়ে জলঢাকায় গ্রামের বাড়িতে যান। পরে রোববার স্থানীয় একজন দোকান খুলে বাসার ভেতরে গেলে আনোয়রুল ইসলামের ঘরের দরজা খোলা দেখতে পান। ঘরের ভেতর ঢুকে আনোয়ারুলের রক্তাক্ত মরদেহ দেখে স্থানীয়দের ডাকেন। পরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ।

এ বিষয়ে ডিমলা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লাইছুর রহমান বলেন, রোববার বিকেলে খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে মাথায় গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য নীলফামারী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

আজকালের কন্ঠ /রাকিব