স্পোর্টস ডেস্ক : ক্রিকেটেও এবার আসতে চলেছে ফুটবলের ছোঁয়া। খেলার মাঝেই যেমন ফুটবলার পরিবর্তন করা যায়, তেমনই ক্রিকেটেও এবার খেলার মাঝে বদল করা যাবে ক্রিকেটার। এমনই নতুন এক নিয়ম চালু করার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
প্রাথমিকভাবে ঘরোয়া টি-২০ প্রতিযোগিতাগুলোতে এই নিয়ম দেখা যাবে। সৈয়দ মুশতাক আলি ট্রফিতে এই নিয়ম প্রথম চালু হবে বলে জানা গেছে।
বিসিসিআই জানিয়েছে, খেলা চলাকালীন সময় প্রতিটি দল নিজেদের প্রথম একাদশ থেকে এক জন করে ক্রিকেটার বদল করতে পারবে। অর্থাৎ, দলের আরো এক জন ক্রিকেটার প্রথম একাদশে খেলতে পারবেন। এর ফলে দলগুলো নিজেদের পরিকল্পনাতেও কিছু বদল করতে পারবে।
খেলার মাঝেই একাদশ পরিবর্তনের এই নিয়ম ফুটবল, রাগবি, বাস্কেটবল, বেসবলে চালু আছে।
ভারতীয় ক্রিকেট বোর্ড জানিয়েছে, আপাতত শুধু সৈয়দ মুশতাক আলি ট্রফিতে এই নিয়ম চালু হবে। আগামী ১১ অক্টোবর থেকে ৫ নভেম্বর পর্যন্ত এই প্রতিযোগিতা চলবে। যদি দেখা যায়, তাতে দলগুলোর সুবিধা হচ্ছে তাহলে পরবর্তীতে আরো কিছু ঘরোয়া প্রতিযোগিতায় সেটা শুরু হবে।
তবে আইপিএলে এখনো এই নিয়ম চালু হবে কি না সে বিষয়ে কোনো আলোচনা হয়নি বলে জানানো হয়েছে।
বিসিসিআই জানিয়েছে, প্রতিটি রাজ্য ক্রিকেট সংস্থাকে নতুন নিয়মের কথা জানিয়ে দেওয়া হয়েছে। এবার সংশ্লিষ্ট রাজ্য সংস্থা সিদ্ধান্ত নেবে যে তারা পরিবর্ত ক্রিকেটার খেলাবে কি না।
নিয়ম অনুসারে প্রতি ইনিংসের ১৪ ওভারের আগে পরিবর্ত ক্রিকেটারকে মাঠে নামানো যাবে। তিনি বাকি ওভার ব্যাট করতে পারবেন। চার ওভার বলও করতে পারবেন। এমনকি এক জন ব্যাটার আউট হয়ে যাওয়ার পর তারও পরিবর্ত হিসাবে কাউকে দলে নেয়া যেতে পারে। তবে এক সময়ে ১১ জন ক্রিকেটারই খেলতে পারবে।
এমন সিদ্ধান্তের কারণ হিসেবে বিসিসিআই জানিয়েছে, এতে সব দলই সুবিধা পাবে। যেমন, কোনো দল যদি শুরুতে পর পর উইকেট হারিয়ে চাপে পড়ে যায়, তাহলে ব্যাটিং গভীরতা বাড়ানোর জন্য অতিরিক্ত এক জন ব্যাটার তারা খেলাতে পারে।
আবার যদি কোনো দল প্রথমে ব্যাট করে অল্প রান করে, তাহলে সেই রান রক্ষা করার জন্য অতিরিক্ত বোলার খেলাতে পারে তারা। এতে দু’দলের কাছেই ম্যাচে ফেরার সুযোগ থাকবে।
আজকালের কন্ঠ /রাকিব
আপনার মতামত লিখুন :