বাংলাদেশ থেকে বাইসাইকেল আমদানি করতে চায় পশ্চিমবঙ্গ | Daily AjKaler Kontho

বাংলাদেশ থেকে বাইসাইকেল আমদানি করতে চায় পশ্চিমবঙ্গ


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : নভেম্বর ২২, ২০১৯, ১০:৫৩ অপরাহ্ন
বাংলাদেশ থেকে বাইসাইকেল আমদানি করতে চায় পশ্চিমবঙ্গ

অনলাইন সংস্করণ : শেখ হাসিনা ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠক। ছবি: ইউএনবি
শেখ হাসিনা ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠক। ছবি: ইউএনবি

বাংলাদেশ থেকে বাইসাইকেল আমদানি করতে আগ্রহ প্রকাশ করেছে পশ্চিমবঙ্গ। শুক্রবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশ থেকে বাইসাইকেল আমদানি করতে আগ্রহ প্রকাশ করেছেন। খবর ইউএনবি।

মমতা বলেন, ‘পশ্চিমবঙ্গে বাইসাইকেলের বিশাল চাহিদা রয়েছে। পশ্চিমবঙ্গে বাইসাইকেল রপ্তানি করে বাংলাদেশ এই সুযোগটি কাজে লাগাতে পারে।’

বৈঠকের পর পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন সাংবাদিকদের সংক্ষিপ্ত ব্রিফ করেন।

এ বিষয়ে দুটি প্রস্তাব রেখে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলেন, বাংলাদেশের উদ্যোক্তারা পশ্চিমবঙ্গে যৌথ উদ্যোগে বাইসাইকেল শিল্প স্থাপন করতে পারে এবং তার সরকার তাদের জন্য জমি বরাদ্দ দেবে।

দ্বিতীয়ত, তিনি বলেন, বাংলাদেশি বিনিয়োগকারীরা বাংলাদেশের সীমান্তবর্তী অঞ্চলে এ জাতীয় শিল্প স্থাপন করতে পারেন। এতে পরিবহন ব্যয় অনেকাংশে হ্রাস পাবে।

ড. মোমেন বলেন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শিক্ষাব্যবস্থা, স্বাস্থ্যসেবা এবং শিল্প ক্ষেত্রে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের মধ্যে সহযোগিতার ওপর জোর দেন।

মমতা প্রধানমন্ত্রীকে তাদের সমাজকল্যাণমূলক কর্মসূচি সম্পর্কে অবহিত করেন এবং উল্লেখ করেন যে পশ্চিমবঙ্গ ভারতীয় রাজ্যগুলোর মধ্যে সর্বোচ্চ ৮ শতাংশ জিডিপি অর্জন করেছে।

এ প্রসঙ্গে শেখ হাসিনা বাংলাদেশের সামাজিক সুরক্ষা কর্মসূচির পাশাপাশি দেশে শিক্ষার উন্নয়নে তার সরকারের বিভিন্ন পদক্ষেপের বিষয় তুলে ধরেন।

বৈঠকের শুরুতে তারা শুভেচ্ছা বিনিময় করেন বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ইডেন গার্ডেনে বাংলাদেশ ও ভারতের মধ্যে ঐতিহাসিক দিবারাত্রির টেস্ট ম্যাচ দেখার জন্য কলকাতায় আসায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম, পররাষ্ট্র সচিব শহীদুল হক, প্রধানমন্ত্রীর সচিব সাজ্জাদুল হাসান, ভারতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলী এবং ঢাকায় ভারতীয় হাই কমিশনার রিভা গাঙ্গুলি দাস উপস্থিত ছিলেন।

কলকাতায় বাংলাদেশ ও ভারতের মধ্যকার প্রথম দিবারাত্রির টেস্ট ম্যাচ দেখতে শুক্রবার সকালে সংক্ষিপ্ত সফরে ভারত গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শেখ হাসিনা ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুক্রবার ঘণ্টা বাজিয়ে কলকাতার ইডেন গার্ডেন স্টেডিয়ামে বাংলাদেশ ও ভারতের মধ্যকার ঐতিহাসিক দিবারাত্রির টেস্ট ম্যাচটি উদ্বোধন করেছেন।

আজকালের কন্ঠ /এমএম