বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে জাতিসংঘ মানবাধিকার প্রধানের শ্রদ্ধা | Daily AjKaler Kontho

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে জাতিসংঘ মানবাধিকার প্রধানের শ্রদ্ধা


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : অগাস্ট ১৫, ২০২২, ৫:০৫ অপরাহ্ন
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে জাতিসংঘ মানবাধিকার প্রধানের শ্রদ্ধা

অনলাইন ডেস্ক : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন সফররত জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার মিশেল ব্যাচেলেট।

বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে সোমবার দুপুর জাতিসংঘের মানবাধিকার প্রধান বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন। পরে দর্শনার্থী বইয়ে স্বাক্ষর করেন এবং পুরো জাদুঘর ঘুরে দেখেন। এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম তাকে ব্রিফ করেন।

ব্যাচেলেট দুই দফায় (২০০৬-২০১০ এবং ২০১৪-২০১৮) চিলির নির্বাচিত প্রেসিডেন্ট ছিলেন। বুধবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার সাক্ষাৎ করার কথা রয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতের পর বুধবার বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজে তরুণদের সঙ্গে ‘নিউ ফ্রন্টিয়ার্স অব হিউম্যান রাইটস: ক্লাইমেট জাস্টিস ইন পারস্পেকটিভ’ বিষয়ক একটি ইন্টারেক্টিভ সেশনে যোগ দেবেন ব্যাচেলেট।

রোববার পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনসহ সরকারের মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে বৈঠক করেন তিনি। ব্যাচেলেট তার সফর শেষে বুধবার একটি বিবৃতি দেবেন বলে কার্যালয় জানিয়েছে।

ঢাকায় অবস্থানের সময় তিনি জাতীয় মানবাধিকার কমিশন, যুব প্রতিনিধি, নাগরিক সমাজের প্রতিনিধি এবং শিক্ষাবিদদের সঙ্গে মতবিনিময় করার কথা রয়েছে।

চারদিনের সফরে রোববার সকালে ঢাকায় পৌঁছেন ব্যাচেলেট।

আজকালের কন্ঠ /রাকিব