ট্রাক ওভারটেক করতে গিয়ে ঝরল মোটরসাইকেল আরোহীর প্রাণ | Daily AjKaler Kontho

ট্রাক ওভারটেক করতে গিয়ে ঝরল মোটরসাইকেল আরোহীর প্রাণ


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : অগাস্ট ৯, ২০২২, ৩:২৯ অপরাহ্ন
ট্রাক ওভারটেক করতে গিয়ে ঝরল মোটরসাইকেল আরোহীর প্রাণ

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সেনবাগে ট্রাক ওভারটেক করতে গিয়ে মাওলানা শহীদ নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

সোমবার রাত সাড়ে ৮টার দিকে সেনবাগ উপজেলার ছাতারপাইয়া টু কালারাইতা আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত শহীদ উপজেলার কালারাইতা গ্রামের মসজিদ বাড়ির গোলাপুর রহমানের ছেলে।

মঙ্গলবার দুপুর ১টার দিকে বিষয়টি নিশ্চিত করেন সেনবাগ থানার ওসি ইকবাল হোসেন পাটোয়ারী।

তিনি জানান, সোমবার রাতে মোটরসাইকেলযোগে কানকিরহাট যাচ্ছিলেন আরোহী মাওলানা শহীদ। এ সময় একটি মালবোঝাই ট্রাক ওভারটেক করতে গেলে ট্রাকের পেছনে বডির সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে গুরুত্বর আহত হন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতেই মারা যান তিনি।

তিনি আরো জানান, এ ঘটনায় থানায় এখনো কেউ কোনো অভিযোগ করেননি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আজকালের কন্ঠ /এসএম