রমজানে অফিস সাড়ে ৬ ঘণ্টা | Daily AjKaler Kontho

রমজানে অফিস সাড়ে ৬ ঘণ্টা


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : এপ্রিল ৬, ২০২০, ৭:০৫ অপরাহ্ন
রমজানে অফিস সাড়ে ৬ ঘণ্টা

পবিত্র রমজান মাসে সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে অফিস সময় আট ঘণ্টার পরিবর্তে সাড়ে ৬ ঘণ্টা করা হয়েছে।

সোমবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এই অফিস সময়সূচি নির্ধারণ করা হয়। পরে দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, পবিত্র রমজান মাসে সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে অফিস শুরু হবে সকাল ৯টায়। শেষ হবে বেলা সাড়ে ৩টায়। মাঝে বেলা সোয়া ১টা থেকে বেলা দেড়টা পর্যন্ত, জোহরের নামাজ আদায়ের জন্য বিরতি থাকবে। অর্থাৎ রমজানে অফিস সময় আট ঘণ্টার পরিবর্তে সাড়ে ৬ ঘণ্টা হবে। অন্য সময় অফিস সময়সূচি থাকে ৯ থেকে ৫টা পর্যন্ত। আর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকবে।

মন্ত্রিপরিষদ সচিব জানান, ব্যাংক, বিমা, অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান, যান, রেলওয়ে, হাসপাতাল, রাষ্ট্রায়ত্ত শিল্প প্রতিষ্ঠান, কলকারখানার এবং অন্যান্য প্রতিষ্ঠান যাদের সার্ভিস অতি জরুরি তারা নিজস্ব বিধি বিধান অনুযায়ী জনস্বার্থ বিবেচনা করে তাদের নিজস্ব অফিস সময়সূচি নির্ধারণ করবে।