করোনাভাইরাসের বিস্তাররোধে আগামী ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত সারাদেশে গণপরিবহন বন্ধ (লকডাউন) থাকবে।
মঙ্গলবার (২৪ মার্চ) সকালে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এক ভিডিও বার্তায় একথা জানান। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনা পরিস্থিতি মোকাবিলায় সরকার দেশবাসী, জনগণ, যাত্রীসাধারণ, মালিক-শ্রমিকসহ সংশ্লিষ্ট সকলের জ্ঞাতার্থে জানাচ্ছে যে, আগামী ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত সারাদেশে গণপরিবহন লকডাউন করার সিদ্ধান্ত নিয়েছে। ট্রাক, কাভার্ডভ্যান, ওষুধ, জরুরি সেবা, জ্বালানি, পচনশীল পণ্য পরিবহণ-এ নিষেধাজ্ঞার বাইরে থাকবে।
পণ্যবাহী যানবাহনে কোনো যাত্রী পরিবহন করা যাবে না বলেও ভিডিও বার্তায় উল্লেখ করা হয়।
গত বছরের ৩১ ডিসেম্বর চীনের উহান শহরে প্রথম করোনাভাইসের রোগী শনাক্ত হয়। এরপর এই ভাইরাস বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে। এখন পর্যন্ত প্রাণসংহারি এই ভাইরাসে আক্রান্ত হয়ে সাড়ে ১৬ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে।
গত ৮ মার্চ বাংলাদেশেও প্রথম করোনাভাইরাসের রোগী শনাক্ত হয়। সেদিন তিনজনের শরীরে করোনা শনাক্তের কথা জানানো হয়। সর্বশেষ তথ্য অনুযায়ী গতকাল পর্যন্ত ৩৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে মারা গেছেন দুইজন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন পাঁচজন।
আপনার মতামত লিখুন :