ফাঁকা ঢাকায় রিকশার রাজত্ব, ভাড়া বেড়েছে কয়েকগুণ! | Daily AjKaler Kontho

ফাঁকা ঢাকায় রিকশার রাজত্ব, ভাড়া বেড়েছে কয়েকগুণ!


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১, ২০২০, ১:২৮ অপরাহ্ন
ফাঁকা ঢাকায় রিকশার রাজত্ব, ভাড়া বেড়েছে কয়েকগুণ!

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) নির্বাচনের ভোটগ্রহণ চলছে। শনিবার সকাল ৮টা থেকে বিরতিহীনভাবে চলবে বিকেল ৪টা পর্যন্ত। দুই সিটিতে দুজন মেয়র, ১২৯ জন ওয়ার্ড কাউন্সিলর ও ৪৩ জন সংরক্ষিত নারী কাউন্সিলর নির্বাচন করবেন ভোটাররা।

এদিকে, ভোটের সুরক্ষা নিশ্চিতের জন্য রাজধানীতে যন্ত্রচালিত যানবাহন চলাচলের ওপর নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে। ৩১ জানুয়ারি দিবাগত রাত ১২টা ১ মিনিট থেকে শুরু হয়ে এ নিষেধাজ্ঞা চলবে ১ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬টা পর্যন্ত। তবে এ নিয়ন্ত্রণের মাঝে নির্বাচন কমিশনের অনুমতি সাপেক্ষে স্টিকারের ব্যবহার করে যন্ত্রচালিত যানবাহন চলতে পারবে।

এমতাবস্থায় রাজধানীতে ভোট দিতে আসা মানুষের ভরসা রিকশা। আর তাই যাত্রীদের গুনতে হচ্ছে অতিরিক্ত ভাড়া। এ যেন রীতিমতো রাজধানীতে চলছে রিকশার রাজত্ব। ক্ষেত্র বিশেষে অন্যান্য দিনের তুলনায় কয়েকগুণ বেশি ভাড়া দিতে হচ্ছে যাত্রীদের‌।

সরেজমিনে ঘুরে দেখা যায়, অতিরিক্ত ভাড়ার কারণে অনেকেই বাধ্য হয়ে হেঁটে হেঁটে যাচ্ছে ভোট কেন্দ্রে।

এ বিষয়ে পুরান ঢাকার ফয়সাল হাসান বলেন, আমি নয়াটলা থেকে বংশাল যাওয়ার জন্য রিকশা ভাড়া করতে চেয়েছিলাম, কিন্তু যে ভাড়া চাইলো সেটি আসলেই বিরক্তিকর। তাই পায়ে হেঁটেই ভোট দিতে যাবো।

আরেক পথচারী সাদমান শাকিল বলেন, যান্ত্রিক কোন যানবাহন না থাকলে রিকশা ভাড়া দ্বিগুণ হয়ে যায়। তাই অনেক সময় বাধ্য হয়েই বেশি ভাড়া দিয়ে যেতে হয়।

খিলক্ষেত থেকে আসা মাসুদ হাসান নামের এক যাত্রী বলেন, আমি প্রতিদিন সৌনিক ক্লাব থেকে এয়ারপোর্ট রোডে যাতায়াত করি কিন্তু এই রাস্তায় কখনো রিকশা দেখি নাই, আজকেই প্রথম দেখলাম। তবে ভাড়া অনেক বেশি হওয়ায় পায়ে হেঁটেই যেতে হচ্ছে।