পুলিশ হয়রানি করলে ৯৯৯-এ কল দিন: আইজিপি | Daily AjKaler Kontho

পুলিশ হয়রানি করলে ৯৯৯-এ কল দিন: আইজিপি


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জানুয়ারী ২৭, ২০২০, ৮:০২ অপরাহ্ন
পুলিশ হয়রানি করলে ৯৯৯-এ কল দিন: আইজিপি

কোনো পুলিশ সদস্য বিনা কারণে কাউকে হয়রানি করলে ৯৯৯-এ কল দিয়ে অভিযোগ করতে বলেছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী।

রোববার বিকেলে সিলেট মহানগর ও জেলা পুলিশের বার্ষিক পুলিশ সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণের সময় তিনি এ কথা বলেন।

আইজিপি বলেন, এখন আর পুলিশ আগের অবস্থানে থাকতে পারবে না। কোনো অবস্থায় নিরীহ মানুষকে হয়রানি করা যাবে না। থানায় গিয়ে যাতে মানুষ শতভাগ সেবা পায় সে ব্যবস্থা করা হয়েছে। এরপরও যদি কাউকে হয়রানি করা হয় তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

তিনি বলেন, আমরা জনতার পুলিশ হতে চাই। হতে চাই মানবিক। তাই সব পুলিশ সদস্যকে জনবান্ধব হয়ে কাজ করতে হবে। যাতে উন্নত দেশের পুলিশের চেয়ে আমরা আরো এগিয়ে যেতে পারি।

তিনি আরো বলেন, পুলিশের নিয়োগ প্রক্রিয়ায় শতভাগ স্বচ্ছতা এসেছে। বিগত সময়ে দশ হাজার সদস্য নিয়োগ দিয়ে প্রমাণ করেছি পুলিশ শতভাগ স্বচ্ছ। গার্মেন্টসকর্মী ও দিনমজুরের সন্তানরা এখন অমাদের পরিবারের সদস্য।

এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সিলেট রেঞ্জের ডিআইজি কামরুল আহসান, মহানগর পুলিশ কমিশনার গোলাম কিবরিয়া, এসপি মোহাম্মদ ফরিদ উদ্দিন।

এর আগে বিকেলে জেলা পুলিশ লাইনস মাঠে ক্রীড়া সালাম গ্রহণ করে বেলুন উড়িয়ে প্রতিযেগিতার উদ্বোধন করেন আইজিপি।