আকাশে উড়ন্ত বিমানে হঠাৎ অসুস্থ হওয়া পাইলট সেই নওশাদ | Daily AjKaler Kontho

আকাশে উড়ন্ত বিমানে হঠাৎ অসুস্থ হওয়া পাইলট সেই নওশাদ


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : অগাস্ট ২৭, ২০২১, ৮:১১ অপরাহ্ন
আকাশে উড়ন্ত বিমানে হঠাৎ অসুস্থ হওয়া পাইলট সেই নওশাদ

মাঝ আকাশে হার্ট অ্যাটাক করা বিজি-২২ ফ্লাইটের ক্যাপ্টেন নওশাদ আতাউল কাইউমকে ভারতের নাগপুরের হোপ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার শারীরিক অবস্থা আগের চেয়ে উন্নতির দিকে বলে জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এছাড়া ফ্লাইটে থাকা ১২৪ জন যাত্রীকে নিরাপদে ফিরিয়ে আনতে ভারত যাচ্ছে বিমানের ৮ সদস্যের উদ্ধারকারী দল।

জানা গেছে, ওই পাইলটের নাম ক্যাপ্টেন নওশাদ আতাউল কাইয়ুম। ফ্লাইটটি মহারাষ্ট্র রাজ্যের নাগপুর বিমানবন্দরে জরুরি অবতরণের পর তাকে দ্রুত ককপিট থেকে বের করে স্থানীয় হোপ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এই পাইলট সেই নওশাদ। যিনি পৌনে ৫ বছর আগে একটি ফ্লাইট দক্ষতার সঙ্গে নিরাপদে জরুরি অবতরণ করাতে পারায় তাকে পেশাগত দক্ষতা ও নৈপুণ্যের প্রশংসা করে স্বীকৃতি দিয়েছিল আন্তর্জাতিক পাইলট অ্যাসোসিয়েশন।

২০১৬ সালের ২২ ডিসেম্বরের ঘটনা। ভোর রাতে মাস্কাট বিমানবন্দর থেকে বোয়িং ৭৩৭-৮০০ উড়োজাহাজে ১৪৯ জন যাত্রী ও সাত জন ক্রু নিয়ে চট্টগ্রামের উদ্দেশ্যে যাত্রা করেন ক্যাপ্টেন নওশাদ আতাউল কাইয়ুম।

বিজি ১২২ ফ্লাইটটি উড্ডয়ন করার পর মাস্কাট বিমানবন্দরের কন্ট্রোল টাওয়ার থেকে ক্যাপ্টেন নওশাদকে জানানো হয়, রানওয়েতে টায়ারের কিছু অংশ পাওয়া গেছে, যা সম্ভবত তার উড়োজাহাজটির হতে পারে। ওই তথ্যের পর অধিকতর নিরাপত্তার স্বার্থে ক্যাপ্টেন নওশাদ তার ফ্লাইটটি চট্টগ্রামের পরিবর্তে ঢাকায় হজরত শাহ্জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সিদ্ধান্ত নেন। এ সময় তার অনুরোধে ঢাকায় জরুরি অবতরণের জন্য সব ধরনের সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়। ল্যান্ডিংয়ের আগে ক্যাপ্টেন ফ্লাইটটি নিয়ে রানওয়ের উপরে দুই বার লো-লেভেলে ফ্লাই করেন। তখন দেখা যায়, উড়োজাহাজের পেছনের দুই নম্বর টায়ারটি ক্ষতিগ্রস্ত হয়েছে। কিন্তু ক্যাপ্টেন নওশাদ অসামান্য দক্ষতার সঙ্গে ক্ষতিগ্রস্ত টায়ার ও ল্যান্ডিং গিয়ারসহ নিরাপদে ফ্লাইটটি অবতরণ করান। ওই ফ্লাইটে ছিলেন। তারা সবাই সুস্থ ও নিরাপদে উড়োজাহাজ থেকে নেমে আসেন।

ফ্লাইটটি দক্ষতার সঙ্গে নিরাপদে জরুরি অবতরণ করাতে পারায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ক্যাপ্টেন নওশাদ আতাউল কাইয়ুমকে পেশাগত দক্ষতা ও নৈপুণ্যের প্রশংসা করে স্বীকৃতি দেয় আন্তর্জাতিক পাইলট অ্যাসোসিয়েশন।

এদিকে এ বিষয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম-পিআর) তাহেরা খন্দকার বলেন, ‘সকালে মাস্কাট-ঢাকা রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের শিডিউল ফ্লাইট বিজি-২২ মোট ১২৪ জন যাত্রী নিয়ে ঢাকা আসার পথে পাইলট হঠাৎ অসুস্থ বোধ করেন। এ সময় জরুরি অবতরণের জন্য কলকাতা এয়ার ট্রাফিক কন্ট্রোলের (এটিসি) সঙ্গে যোগাযোগ করা হলে তারা নিকটতম নাগপুর এয়ারপোর্টে অবতরণ করার পরামর্শ দেয়। সে অনুযায়ী ফ্লাইটটি নাগপুরে ড. বাবা সাহেব আম্বেদকার আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করে।’

তিনি বলেন, ‘অবতরণের পর বোয়িং ৭৩৭-৮০০ মডেলের উড়োজাহাজটির ক্যাপ্টেন নওশাদ আতাউল কাইউমকে হোপ হাসপাতালে জরুরি বিভাগে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়েছে। বর্তমানে তার শারীরিক অবস্থা উন্নতির দিকে। বিমানের দিল্লি অফিসের কান্ট্রি ম্যানেজারকে জরুরিভিত্তিতে যাত্রী, ক্রু ও ফ্লাইটের বিষয়ে প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের জন্য নাগপুর প্রেরণ করা হয়েছে।’

ফ্লাইটের যাত্রীদের বিষয়ে তিনি জানান, ‘সব যাত্রী নিরাপদে আছেন। ইতোমধ্যে যাত্রীদের জন্য এয়ারপোর্ট লাউঞ্জে খাবার ও বিশ্রামের ব্যবস্থা করা হয়েছে। সেখানে যাত্রীরা অপেক্ষা করছেন। শুক্রবার সন্ধ্যা ৬ টা ৪৫ মিনিটে বিমানের শিডিউল ফ্লাইটের মাধ্যমে আট সদস্যের একটি উদ্ধারকারী দলকে নাগপুরে পাঠানো হচ্ছে। সেখান থেকে আজ রাতেই যাত্রীসহ বিজি-২২ ফ্লাইটটি ঢাকায় এসে পৌঁছবে বলে আশা করা যাচ্ছে।

এর আগে বৃহস্পতিবার বিমানের ফ্লাইটটি ওমান যায়। সেখান থেকে স্থানীয় সময় রাত ২টা ৩০ মিনিটে ঢাকার উদ্দেশে ছেড়ে আসার কথা থাকলেও ফ্লাইটটি ভোর সাড়ে ৬টায় ঢাকার উদ্দেশে উড্ডয়ন করে। তবে ভারতের স্থানীয় সময় বেলা সাড়ে ১১টায় ফ্লাইটটি ঢাকার দিকে না এসে নাগপুর বিমানবন্দরে জরুরি অবতরণ করে।