রাজধানীর গুলশানের নিকেতনে বাসা থেকে ফারিয়া হায়দার (২১) নামের এক মেডিকেল শিক্ষার্থীর ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়েছে। শনিবার সকালে ফারিয়াকে ঝুলন্ত অবস্থায় দেখে পরিবারের সদস্যরা হাসপাতালে নিয়ে যান। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পরিবার জানিয়েছে, ফারিয়া আত্মহত্যা করেছেন। তবে কী কারণে তিনি আত্মহত্যা করেছেন সে বিষয়ে কিছু জানাতে পারেনি পরিবার।
ফারিয়া মালয়েশিয়ার একটি মেডিকেল কলেজে প্রথম বর্ষের ছাত্রী ছিলেন। করোনার কারণে তিনি দেশে অবস্থান করছিলেন। বাসায় থেকে তিনি অনলাইন ক্লাসে অংশ নিতেন।
ফারিয়ার বাবা আলম হায়দার গণমাধ্যমকে জানান, গতকাল শুক্রবার রাতের খাবারের পর ঘুমিয়ে পড়ে ফারিয়া। সকালে ঘুম থেকে উঠে তিনি দেখতে পান, তার মেয়ে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় ফ্যানের সঙ্গে ঝুলে আছেন। তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। সংশ্লিষ্ট থানাকে এরই মধ্যে বিষয়টি জানানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসলে জানা যাবে ফারিয়ার মৃত্যুর আসল রহস্য।
আপনার মতামত লিখুন :