অক্টোবরেই আ.লীগের সম্মেলন: সাধারণ সম্পাদক হওয়ার দৌড়ে এগিয়ে জাহাঙ্গীর কবির নানক | Daily AjKaler Kontho

অক্টোবরেই আ.লীগের সম্মেলন: সাধারণ সম্পাদক হওয়ার দৌড়ে এগিয়ে জাহাঙ্গীর কবির নানক


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : অগাস্ট ২৫, ২০১৯, ২:৫৬ অপরাহ্ন
অক্টোবরেই আ.লীগের সম্মেলন: সাধারণ সম্পাদক হওয়ার দৌড়ে এগিয়ে জাহাঙ্গীর কবির নানক

নিজস্ব প্রতিবেদক : নির্ধারিত সময় অর্থাৎ আসছে অক্টোবরেই অনুষ্ঠিত হবে ক্ষমতাসীন আওয়ামী লীগের ২১ তম জাতীয় সম্মেলন। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে আওয়ামী লীগের ওয়ার্কিং কমিটির বৈঠকেই দলীয় সভাপতি শেখ হাসিনা সম্মেলনের তারিখ ঘোষণা করবেন বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে। ওবায়দুল কাদের দলের সাধারণ সম্পাদক না থাকলে কে হতে পারেন এমন প্রশ্ন এখন আওয়ামী লীগের নেতাদের আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হওয়ার দৌড়ে সবার চেয়ে এগিয়ে আছে দলের যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড. জাহাঙ্গীর কবির নানক। এছাড়া যাদের নাম আলোচনায় আছেন তারা হলেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক এবং ডা. দীপু মনি।

এ ছাড়াও যে দুই জনের নাম আলোচনায় আছেন তারা হলেন, দলের যুগ্ন-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী ড. মুহাম্মাদ আব্দুর রাজ্জাক।

আওয়ামী লীগের অভ্যন্তরীণ সূত্রে জানা যায়, বর্তমান সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের হঠাৎ করে অসুস্থ হয়ে সিঙ্গাপুর থেকে চিকিৎসা নিয়ে দেশে ফিরেছেন। এখন তাকে ডাক্তারের পরামর্শেই চলতে হচ্ছে। দলের দুইজন প্রেসিডিয়াম সদস্য নাম প্রকাশ না করার শর্তে বলেন, ওবায়দুল কাদের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকেই সে দায়িত্ব সচেতনতার পরিচয় দিয়ে আসছে।দল তার প্রতি খুবই সন্তুষ্ট। কিন্তু হঠাৎ করে তার এই অসুস্থ হয়ে যাওয়া অনাকাঙ্ক্ষিত। ওবায়দুল কাদের আমাদের মাঝে সুস্থ হয়ে ফিরে আসলেও আগের মত স্বাভাবিক কাজকর্ম করা তার জন্য কষ্টের এবং ঝুঁকিরও কারণ। তার এখন আর আগের মতো পরিশ্রম করা ঠিক হবে না।

আওয়ামী লীগের তিন বছর মেয়াদি কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের মেয়াদ আগামী অক্টোবর মাসে শেষ হচ্ছে। এর আগেই জাতীয় সম্মেলনের তারিখ ঘোষণা করা হবে বলে জানিয়েছে আওয়ামী লীগের অভ্যন্তরীণ সূত্র। সম্মেলনের কথা উঠতেই সারাদেশের আওয়ামী লীগের নেতাকর্মীদের মাঝে একটা নতুন প্রশ্নের উদয় হয় এবারের সম্মেলনে কে হচ্ছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক?

কেন্দ্র থেকে সারাদেশের তৃণমূলের কাউন্সিলররা (ভোটার)ই দলের সভাপতি- সাধারণ সম্পাদক নির্বাচিত করে থাকেন। এজন্য সম্মেলনের কথা উঠতেই কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত নেতাকর্মীদের মাঝে একটা উৎসবমুখর পরিবেশে সৃষ্টি হয়। আসছে সম্মেলনকে ঘিরেও এর ব্যতিক্রম নয়। চলছে শোকের মাস আগস্ট। তাই নেতাকর্মীরা শোকাবহ আগস্টের বিভিন্ন প্রগ্রাম নিয়ে ব্যস্ত সময় পার করছেন। আগস্ট মাস শেষ হতেই সম্মেলনের পালে হাওয়া লাগবে বলে মনে করছেন দলীয় নেতাকর্মীরা। তবে সম্ভাব্য প্রার্থী যে বা যারাই থাকুক না কেন সারা দেশের কাউন্সিলররা আসছে ২১তম সম্মেলনের মাধ্যমে তাদের নতুন নেতৃত্ব ঠিক ঠিক করবেন।

উল্লেখ্য, ২০১৬ সালের ২২ ও ২৩ অক্টোবর দুই দিনব্যাপী আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়। সেখানে টানা দুইবারের সাধারণ সম্পাদক প্রয়াত সৈয়দ আশরাফুল ইসলাম বাদ পড়েন। প্রথমবারের মতো দলের সাধারণ সম্পাদক নির্বাচিত হন ওবায়দুল কাদের।