
কুমিল্লা দেবিদ্বার উপজেলায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য সেবনের অপরাধে দুই যুবককে ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার (২০ নভেম্বর) উপজেলার সুবিল ইউনিয়নের বুড়িরপার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অশোক বিক্রম চাকমা এবং সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ফয়সাল উদ্দিন।
অভিযানকালে মাদকদ্রব্য সেবনের অপরাধে মো. নাইম (১৯), পিতা- মিজানুর রহমান এবং মো. মাজহারুল, পিতা- মৃত শাহজাহান, উভয় সাং- রাঘবপুর, ইউনিয়ন- সুবিল, উপজেলা- দেবিদ্বারকে আটক করা হয়।
পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় ভ্রাম্যমাণ আদালত প্রত্যেককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অশোক বিক্রম চাকমা এবং সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ফয়সাল উদ্দিন জানান, মাদকমুক্ত সমাজ গঠন, আইনশৃঙ্খলা বজায় রাখা এবং জনস্বার্থ রক্ষায় উপজেলা প্রশাসন, দেবিদ্বারের পক্ষ থেকে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
আজকালের কন্ঠ/আর বি
আপনার মতামত লিখুন :