
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬ নিখোঁজ হওয়ার দুই দিন পর পটুয়াখালীর পর্যটনকেন্দ্র কুয়াকাটা সমুদ্রসৈকত থেকে বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের সিনিয়র সহকারী জজ শেখ ফারহান নাদীমকে উদ্ধার করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি)। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সৈকত এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়।
বিএমপির উপ-পুলিশ কমিশনার সুশান্ত সরকার বিষয়টি নিশ্চিত করে জানান, শেখ ফারহান নাদীম একাই ঘুরতে কুয়াকাটায় এসেছিলেন। তার সঙ্গে অন্য কেউ ছিলেন না। মোবাইল ফোন বন্ধ থাকায় পরিবারের সদস্য ও পুলিশের মধ্যে উদ্বেগ তৈরি হয়। তবে উদ্ধারের পর তিনি সুস্থ ও স্বাভাবিক রয়েছেন।
পারিবারিক সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে আদালতের কার্যক্রম শেষে বাসার উদ্দেশে বের হন তিনি। বরিশাল নগরীর ব্রাউন কম্পাউন্ড রোডের একটি ফ্ল্যাটে পরিবারের সঙ্গে বসবাস করতেন এই বিচারক। কিন্তু নির্ধারিত সময়ে বাসায় না ফেরায় স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন।
দুই দিনেও তার কোনো সন্ধান না পেয়ে বুধবার (১৮ নভেম্বর) পরিবারের পক্ষ থেকে বরিশাল কোতোয়ালি মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। এরপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তার সন্ধানে তৎপরতা শুরু করে।
এদিকে মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হাওলাদারও কুয়াকাটা সৈকত থেকে তাকে উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় পরবর্তী প্রক্রিয়া চলমান রয়েছে।
বিএমপির বিশেষ তৎপরতায় কুয়াকাটা সৈকতে তার সন্ধান পাওয়ায় দুই দিন ধরে চলা উৎকণ্ঠার অবসান হয়েছে।
আপনার মতামত লিখুন :