দিনাজপুরে অর্থনৈতিক শুমারি ২০২৪ ও বিজনেস রেজিস্টার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত | Daily AjKaler Kontho

দিনাজপুরে অর্থনৈতিক শুমারি ২০২৪ ও বিজনেস রেজিস্টার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত


দিনাজপুর জেলা প্রতিনিধি প্রকাশের সময় : নভেম্বর ১৭, ২০২৬, ৫:২৯ অপরাহ্ন
দিনাজপুরে অর্থনৈতিক শুমারি ২০২৪ ও বিজনেস রেজিস্টার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

দিনাজপুরে অর্থনৈতিক শুমারি ২০২৪-এর ফলাফল এবং বাংলাদেশ স্ট্যাটিস্টিক্যাল বিজনেস রেজিস্টার (বিএসডিআর) বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ১১টায় দিনাজপুর জেলা অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স সম্মেলন কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

দিনাজপুরের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে সেমিনারে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এম হাবিবুল হাসান, রংপুর বিভাগীয় পরিসংখ্যান কার্যালয়ের পরিসংখ্যান কর্মকর্তা আবুল বাসার, বিরামপুর উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা তুষার আহমেদ এবং দিনাজপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল।

সেমিনারে অর্থনৈতিক শুমারি ২০২৪-এর ফলাফল ও প্রাপ্ত তথ্যের বিভিন্ন দিক তুলে ধরা হয়। পাশাপাশি বাংলাদেশ স্ট্যাটিস্টিক্যাল বিজনেস রেজিস্টার (বিএসডিআর) প্রণয়ন, এর উদ্দেশ্য, কার্যক্রম ও গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়।

অর্থনৈতিক শুমারির মাধ্যমে দেশের শিল্প, ব্যবসা-বাণিজ্য, সেবা খাতসহ বিভিন্ন অর্থনৈতিক কর্মকাণ্ডের তথ্য সংগ্রহ করা হয়। এসব তথ্য দেশের অর্থনৈতিক কাঠামো, ব্যবসাপ্রতিষ্ঠানের সংখ্যা ও কার্যক্রম সম্পর্কে সামগ্রিক ধারণা পেতে সহায়তা করে। একই সঙ্গে জাতীয় ও স্থানীয় পর্যায়ে উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন, নীতিনির্ধারণ এবং অর্থনৈতিক কর্মকাণ্ডের সঠিক চিত্র তুলে ধরতে নির্ভরযোগ্য পরিসংখ্যানের গুরুত্ব সেমিনারে আলোচনায় উঠে আসে।

বাংলাদেশ স্ট্যাটিস্টিক্যাল বিজনেস রেজিস্টার (বিএসডিআর) দেশের ব্যবসাপ্রতিষ্ঠান ও অর্থনৈতিক কর্মকাণ্ডের তথ্য সংরক্ষণ এবং হালনাগাদ পরিসংখ্যান তৈরির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সেমিনারে সংশ্লিষ্ট বিষয়গুলো তুলে ধরা হয়।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দিনাজপুর জেলা পরিসংখ্যান কার্যালয়ের ভারপ্রাপ্ত উপপরিচালক মেহেদী হাসান।

আজকালের কন্ঠ/আর বি