
শোষিত, বঞ্চিত ও নিপীড়িত মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে আজীবন সোচ্চার মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী আজ।
আজ মঙ্গলবার ১৭ নভেম্বর সকাল সাড়ে ৭টায় সন্তোষে মওলানা ভাসানীর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ, দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলাম। পরে মওলানা ভাসানীর পরিবারের সদস্য, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারী, টাঙ্গাইল প্রেসক্লাব, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন এবং তার অনুসারীরা সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
দিবসটি উপলক্ষে আলোচনা সভা, ওরশ, দোয়া মাহফিল এবং এতিম ও দুস্থদের মধ্যে খাবার বিতরণের আয়োজন করা হয়েছে। এদিকে মৃত্যুবার্ষিকী ঘিরে মাজার প্রাঙ্গণে বসেছে কয়েক দিনব্যাপী মেলা। দিনটি উপলক্ষে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাণী দিয়েছেন। বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনও নানা কর্মসূচি গ্রহণ করেছে। বিএনপি এ উপলক্ষে একটি জাতীয় কমিটি গঠন করেছে। দলের ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুকে আহ্বায়ক এবং প্রচার সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকুকে সদস্যসচিব করা হয়েছে।
১৮৮০ সালের ১২ ডিসেম্বর সিরাজগঞ্জের ধানগড়া গ্রামে জন্মগ্রহণ করেন মওলানা আবদুল হামিদ খান ভাসানী। তার বাবা শরাফত আলী খান এবং মা মোসাম্মৎ মজিরন বিবি। ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হওয়ার পর তিনি ভারতের দেওবন্দে ইসলামি শিক্ষায় অধ্যয়ন করেন। পরবর্তী সময়ে সাধারণ মানুষের অধিকার আদায়ের সংগ্রামে নিজেকে সম্পৃক্ত করেন।
ব্রিটিশবিরোধী আন্দোলন থেকে শুরু করে পাকিস্তানি শাসন-শোষণের বিরুদ্ধে সংগ্রাম, বাংলাদেশের স্বাধীনতা আন্দোলন এবং স্বাধীনতা-পরবর্তী রাজনৈতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। কৃষক, শ্রমিক, ভূমিহীন ও দরিদ্র মানুষের অধিকার প্রতিষ্ঠায় আজীবন কাজ করে যাওয়ায় তিনি ‘মজলুম জননেতা’ হিসেবে পরিচিতি লাভ করেন।
আজকালের কন্ঠ/ আর এস
আপনার মতামত লিখুন :