ডোমারে ফিড উৎপাদনে অনিয়ম, দুই প্রতিষ্ঠানকে ৮ হাজার টাকা জরিমানা | Daily AjKaler Kontho

ডোমারে ফিড উৎপাদনে অনিয়ম, দুই প্রতিষ্ঠানকে ৮ হাজার টাকা জরিমানা


ডোমার (নীলফামারী) প্রতিনিধি প্রকাশের সময় : নভেম্বর ১৬, ২০২৬, ৬:১৭ অপরাহ্ন
ডোমারে ফিড উৎপাদনে অনিয়ম, দুই প্রতিষ্ঠানকে ৮ হাজার টাকা জরিমানা

নীলফামারীর ডোমারে ফিড উৎপাদন ও বাজারজাতকরণে বিভিন্ন অনিয়মের দায়ে দুটি প্রতিষ্ঠানকে মোট ৮ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১৬ নভেম্বর) উপজেলার সোনারায় ইউনিয়নের ডুগডুগি বড়গাছা বাজারসংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শায়লা সাঈদ তন্বী।

অভিযানকালে হাজী এগ্রো অ্যান্ড ফিড ও আল-আমিন এগ্রো নামের দুটি প্রতিষ্ঠানের প্রয়োজনীয় কাগজপত্র, লাইসেন্স এবং উৎপাদন পরিবেশ যাচাই করা হয়। এ সময় বিভিন্ন অনিয়ম শনাক্ত হওয়ায় মৎস্যখাদ্য ও পশুখাদ্য আইন, ২০১০-এর সংশ্লিষ্ট ধারায় প্রতিষ্ঠান দুটিকে অর্থদণ্ড দেওয়া হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, হাজী এগ্রো অ্যান্ড ফিডের কর্ণধার হাজী মশিউর রহমানকে ৫ হাজার টাকা এবং আল-আমিন এগ্রোর কর্ণধার আল আমিনকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অভিযান সংশ্লিষ্টরা জানান, ফিড উৎপাদন ও বাজারজাতকরণের ক্ষেত্রে যথাযথ লাইসেন্স গ্রহণ, আইনানুগ প্রক্রিয়া অনুসরণ এবং স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করা বাধ্যতামূলক। এ বিষয়ে প্রতিষ্ঠান দুটিকে সতর্কও করা হয়েছে।

অভিযানে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. ফজলুল করিম, প্রশাসনিক কর্মকর্তা মো. আকিম উদ্দীন এবং ডোমার থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শায়লা সাঈদ তন্বী জানান, ফিড উৎপাদন ও বাজারজাতকরণের ক্ষেত্রে সংশ্লিষ্ট আইন ও বিধিমালা মেনে চলতে হবে। কোনো ধরনের অনিয়ম পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

আজকালের কন্ঠ/আর বি