
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার আলিপুরে লতাচাপলী ইউনিয়ন পরিষদের সদস্য ও কমিউনিটি নেতৃবৃন্দের সঙ্গে গ্রাম আদালতের কার্যক্রম আরও সক্রিয় ও গতিশীল করার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৫ নভেম্বর) বেলা ১১টার দিকে আলিপুরে অবস্থিত লতাচাপলী ইউনিয়ন পরিষদের গ্রাম আদালত অডিটোরিয়ামে স্থানীয় সরকার বিভাগের ‘বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (তৃতীয় পর্যায়)’ প্রকল্পের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন লতাচাপলী ইউনিয়ন পরিষদ গ্রাম আদালতের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান মো. মিজানুর রহমান। সভায় গ্রাম আদালতের কার্যক্রম, স্থানীয় পর্যায়ে বিরোধ নিষ্পত্তি, সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং স্বল্প সময়ে ও স্বল্প খরচে ন্যায়বিচার নিশ্চিত করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
আলোচ্য বিষয়গুলো তুলে ধরেন ইউনিয়ন পরিষদ গ্রাম আদালতের প্রশাসনিক কর্মকর্তা মো. আদনান। এ সময় বক্তব্য দেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিএমইউজে) পটুয়াখালী জেলা শাখার সভাপতি ও কুয়াকাটা প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি মো. মিজানুর রহমান, কুয়াকাটা ইসলামপুর দাখিল মাদ্রাসার সাবেক ইবতেদায়ি সুপার মাওলানা মো. আবু হানিফ, লতাচাপলী ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য মোসা. রহিমা আক্তার রুপা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি আলী আক্কাস হাওলাদার, মো. মামুন মোল্লা ও সমাজকর্মী মোসাম্মাৎ শিরীন আক্তার প্রমুখ।
বক্তারা বলেন, গ্রাম আদালত কার্যকর হলে স্থানীয় পর্যায়ে ছোটখাটো বিরোধ ও অভিযোগ দ্রুত নিষ্পত্তি করা সম্ভব। এর ফলে সাধারণ মানুষের সময় ও অর্থ সাশ্রয়ের পাশাপাশি প্রচলিত আদালতগুলোর ওপর মামলার চাপ কমবে। গ্রাম আদালতের সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে তৃণমূল পর্যায়ে ব্যাপক প্রচার-প্রচারণা ও জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন তারা।
সভা সঞ্চালনা করেন বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (তৃতীয় পর্যায়) প্রকল্পের কলাপাড়া উপজেলা সমন্বয়কারী ইয়াসমিন। এ সময় লতাচাপলী ইউনিয়ন পরিষদের সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন পর্যায়ের কমিউনিটি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আজকালের কন্ঠ/আর বি
আপনার মতামত লিখুন :