যবিপ্রবিতে আন্তজার্তিক হিসাববিজ্ঞান দিবস-২০২৬ উদযাপন | Daily AjKaler Kontho

যবিপ্রবিতে আন্তজার্তিক হিসাববিজ্ঞান দিবস-২০২৬ উদযাপন


যবিপ্রবি প্রতিনিধি প্রকাশের সময় : নভেম্বর ১০, ২০২৬, ৬:৩৮ অপরাহ্ন
যবিপ্রবিতে আন্তজার্তিক হিসাববিজ্ঞান দিবস-২০২৬ উদযাপন

আনন্দ শোভাযাত্রা, কেক কাটা, নবীন শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা, বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান সহ নানা আয়োজনের মধ্য দিয়ে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস-২০২৬ পালিত হয়েছে। অনুষ্ঠানের শেষ পর্বে ক্রীড়া সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল সাড়ে ১০ টায় বিশ্ববিদ্যালয়ের এআইএস বিভাগের উদ্যোগে আনন্দ শোভাযাত্রা ও কেক কাটার মাধ্যমে দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করেন যবিপ্রবি উপ-উপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান।

শোভাযাত্রাটি স্যার জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবনের সামনে থেকে শুরু হয়ে ক্যাম্পাসের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জাতীয় কবি কাজী নজরুল একাডেমিক ভবনের সামনে এসে শেষ হয়। এরপর বিশ্ববিদ্যালয়ের গ্যালারীতে শুরু হয় নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যবিপ্রবি উপ-উপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক হাসান।

প্রধান অতিথির বক্তব্যে যবিপ্রবির উপ-উপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান বলেন, বিশ্বের অর্থনীতি ও রাষ্ট্র পরিচালনায় হিসাববিজ্ঞান ও এর সাথে জড়িত পেশাজীবীরা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছেন। ব্যবসায় শিক্ষা অনুষদের গ্র্যাজুয়েটদের কেবল চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হয়ে অন্যদের জন্যও কর্মসংস্থান সৃষ্টির মানসিকতা রাখতে হবে। বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে বের হয়ে যাওয়া শিক্ষার্থীরাই পরবর্তীতে বৃহত্তর অ্যালামনাই নেটওয়ার্কের মাধ্যমে বর্তমান শিক্ষার্থীদের পথচলাকে আরও সুগম করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

বিশেষ অতিথির বক্তব্যে যবিপ্রবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক হাসান বলেন, জন্ম ও মৃত্যুর মাঝের সময়টুকুতে মানুষের মূল লক্ষ্য হওয়া উচিত আত্মকেন্দ্রিক না হয়ে নিজের পরিবার, সমাজ ও রাষ্ট্রের প্রতি নিজ নিজ দায়িত্ব ও সেবা নিশ্চিত করা। তিনি আরও বলেন, শিক্ষার্থীরা পেশাগত জীবনে যত ওপরেই যাক না কেন, পরিশেষে শূন্য হাতেই পৃথিবী থেকে বিদায় নিতে হবে। তাই মানুষের প্রকৃত অর্জন হলো মৃত্যুর পরও মানুষের স্মরণে বেঁচে থাকা। পরিশেষে তিনি শিক্ষকদের আজীবন শিক্ষার্থীদের কাছে হেরে যাওয়ার বা শিক্ষার্থীদের সফলতায় গর্ববোধ করার আহ্বান জানান।

এআইএস বিভাগের চেয়ারম্যান ড. মো. মেহেদী হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন ড. মো. ইমরান শেখ, এআইএস বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ কামাল হোসেন, ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম, সহকারী অধ্যাপক তরুণ সেন, মো. শাহাজুল ইসলাম, সৌরভ চন্দ্র তালুকদার, প্রভাষক ফজলুর রহমানসহ বিভিন্ন বর্ষে অধ্যয়ণরত শিক্ষার্থীবৃন্দ। সন্ধ্যায় এআইএস বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে শুরু হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনায় ছিলেন এআইএস বিভাগের শিক্ষার্থী অলিফ আহমেদ ও ফয়সাল ইকবাল।

আজকালের কন্ঠ/আর বি