নেত্রকোনায় লাইসেন্স নবায়ন না দেওয়ার অভিযোগে শ্রমিকদের বিক্ষোভ | Daily AjKaler Kontho

নেত্রকোনায় লাইসেন্স নবায়ন না দেওয়ার অভিযোগে শ্রমিকদের বিক্ষোভ


সুশীল আচার্য্য, নেত্রকোনা প্রতিনিধি প্রকাশের সময় : নভেম্বর ৯, ২০২৬, ৬:০৯ অপরাহ্ন
নেত্রকোনায় লাইসেন্স নবায়ন না দেওয়ার অভিযোগে শ্রমিকদের বিক্ষোভ

নেত্রকোণা পৌরসভায় ব্যাটারিচালিত অটোরিকশা, অটো-মিশুক ও রিকশার লাইসেন্স নবায়ন এবং আটকে থাকা লাইসেন্স ফেরতের দাবিতে কর্মবিরতি পালন করছেন মালিক-শ্রমিকরা। সকাল ৮টা থেকে যান চলাচল বন্ধ রেখে বিক্ষোভ ও মানববন্ধন করেন তারা। এতে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রী ও শিক্ষার্থীরা। শ্রমিকদের অভিযোগ, টাকা ও প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়েও মিলছে না লাইসেন্স। অন্যদিকে পৌর প্রশাসক বলছেন, যৌক্তিক দাবি নিয়ে আলোচনার সুযোগ রয়েছে।

তাদের দাবি, গত ১২ থেকে ১৫ বছর ধরে নিয়মিত লাইসেন্স নবায়ন করে আসছেন তারা। এবারও পৌরসভার কর ও প্রয়োজনীয় কাগজপত্র জমা দিলেও অধিকাংশ লাইসেন্স দেওয়া হচ্ছে না। উল্টো নানা ধরনের হয়রানির শিকার হচ্ছেন তারা।

শ্রমিক নেতাদের অভিযোগ, লাইসেন্স নবায়নের পাশাপাশি নাম পরিবর্তনের জন্যও তাদের কাছ থেকে প্রায় ৩৫ লাখ টাকা নেওয়া হয়েছে। অথচ প্রতিশ্রুতি অনুযায়ী লাইসেন্স বুঝিয়ে দেওয়া হচ্ছে না। আটকে থাকা বৈধ লাইসেন্স ফেরত পেলেই কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন তারা।

এদিকে হঠাৎ যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েন সাধারণ যাত্রী ও শিক্ষার্থীরা। সময়মতো কর্মস্থল ও শিক্ষাপ্রতিষ্ঠানে পৌঁছাতে না পেরে ক্ষোভ জানান তারা। দ্রুত সমস্যা সমাধানে পৌরসভার হস্তক্ষেপ চান যাত্রীরা।

তবে শ্রমিকদের কর্মসূচিকে অনাকাঙ্ক্ষিত উল্লেখ করে পৌর প্রশাসক জানিয়েছেন, যৌক্তিক ও আইনসম্মত দাবি নিয়ে আলোচনায় বসতে প্রস্তুত পৌরসভা। তবে জনদুর্ভোগ সৃষ্টি করলে নেওয়া হবে আইনগত ব্যবস্থা।

শ্রমিকের দাবি, তাদের বৈধ লাইসেন্স ফিরিয়ে দিলেই স্বাভাবিক হবে যান চলাচল। অন্যদিকে পৌর প্রশাসনও আলোচনার মাধ্যমে সমাধানের কথা বলছে। এখন দুই পক্ষের সমঝোতার অপেক্ষায় নেত্রকোণার সাধারণ মানুষ।

আজকালের কন্ঠ/আর বি