মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে মাজারের ভিতরে নিষিদ্ধ আ’লীগ কর্মীকে কুপিয়ে হত্যা! | Daily AjKaler Kontho

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে মাজারের ভিতরে নিষিদ্ধ আ’লীগ কর্মীকে কুপিয়ে হত্যা!


মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি প্রকাশের সময় : নভেম্বর ৫, ২০২৬, ৩:১৫ অপরাহ্ন
মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে মাজারের ভিতরে নিষিদ্ধ আ’লীগ কর্মীকে কুপিয়ে হত্যা!

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে গভীর রাতে মাজারে ঢুকে জাহেদ বেপারী (৫০) নামের এক নিষিদ্ধ আওয়ামী লীগ কর্মীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।

বুধবার রাত পৌনে ১০টার দিকে সদর উপজেলার চরকেওয়ার ইউনিয়নের ভিটিহোগলা গ্রামে এ ঘটনা ঘটে।

পরে পরিবারের লোকজন আশঙ্কাজনক অবস্থায় নিহত জাহেদ বেপারীকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে প্রথমে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যায়। এরপর অবস্থার অবনতি হলে জরুরী বিভাগে চিকিৎসকরা তাকে দ্রুত ঢাকায় রেফার করেন।

এরপর রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। অতিরিক্ত রক্তক্ষরণের কারণেই তার মৃত্যু হয়েছে বলে ধারণা চিকিৎসকদের।

নিহত জাহেদ বেপারী আওয়ামী লীগের সক্রিয় কর্মী ও মুন্সীগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য ফয়সাল বিপ্লবের সমর্থক ছিলেন বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা।

বর্তমানে তাঁর মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। ময়নাতদন্ত শেষে আজ বৃহস্পতিবার দুপুর অথবা বিকেলে স্বজনরা মরদেহ মুন্সীগঞ্জে নিয়ে আসবেন।

নিহতের স্ত্রী বেবী বেগম জানান,প্রতিপক্ষ ফরিদ হোসেন ও তাঁর সহযোগীরা আওয়ামী লীগ সরকারের সময় সাবেক সংসদ সদস্য মৃণাল কান্তি দাসের সমর্থক ছিলেন। সরকার পরিবর্তনের পর তাঁরা বিএনপির নেতাকর্মীদের সঙ্গে মিশে এলাকায় নানা অপতৎপরতা চালাচ্ছেন।

জাহেদ ও ফরিদ নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক দুই সংসদ সদস্যের সমর্থক ছিলেন। সেই সময় থেকেই তাঁদের মধ্যে বিরোধ চলে আসছিল।

পরিবারের দাবি, রাজনৈতিক বিরোধের পাশাপাশি আগামী শুক্রবার ভিটিহোগলা গ্রামের একটি মাজারে ওরস আয়োজন নিয়েও বিরোধ থাকতে পারে। মাজারকেন্দ্রিক বিরোধের জেরেও হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে তাঁদের ধারণা।

নিহতের বড় মেয়ে ফারিয়া আক্তার বলেন, আমার প্রতিবন্ধী বোন সহ তিন বোনের সামনে আমার বাবাকে কুপিয়ে রক্তাক্ত করে হত্যা করা হয়েছে। তিন বোন চিরদিনের জন্য এতিম হয়ে গেলাম, চোখের সামনে আমার বাবাকে কুপিয়ে হত্যা করলো, আমার প্রতিবন্ধী বোন মারিয়া ও ছোট বোন ইমা তাকিয়ে আমার বাবার হত্যাকাণ্ড দেখলো, আমরা এসব স্মৃতি ভুলে যাব কিভাবে। আমরা তো পাগল হয়ে যাচ্ছি, আমরা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

বিষয়টি নিশ্চিত করেছেন,মুন্সীগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.তছলিম উদ্দিন। তিনি জানান,পূর্ববিরোধের জেরে এ হত্যার ঘটনা ঘটেছে বলে প্রাথমিক তদন্তে জেনেছে পুলিশ। তবে নির্মম হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদ্ঘাটনে আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত শুরু করেছে জানিয়ে তিনি আরো জানান একাধিক বিষয় সামনে রেখে তদন্ত চলছে।

ওসি আরও জানান,হত্যাকাণ্ডের সাথে জড়িত অভিযুক্ত ফরিদ বেপারীকে গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে পুলিশ। ফরিদ বেপারীর বিরুদ্ধে এর আগেও হত্যা ও মাদক মামলা সহ বেশ কিছু মামলা রয়েছে। ফলে পূর্ব বিরোধ থেকে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

আজকালের কন্ঠ/আর বি