শরীয়তপুরের নড়িয়ায় পাওনা টাকা চাওয়ায় কৃষকের ৫ হাজার করলাগাছ কাটার অভিযোগ | Daily AjKaler Kontho

শরীয়তপুরের নড়িয়ায় পাওনা টাকা চাওয়ায় কৃষকের ৫ হাজার করলাগাছ কাটার অভিযোগ


মোঃ নাসির খান, শরীয়তপুর প্রতিনিধি প্রকাশের সময় : নভেম্বর ৪, ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন
শরীয়তপুরের নড়িয়ায় পাওনা টাকা চাওয়ায় কৃষকের ৫ হাজার করলাগাছ কাটার অভিযোগ

শরীয়তপুরের নড়িয়ায় রাতের আঁধারে এক কৃষকের প্রায় ৫ হাজার করলাগাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে। এতে প্রায় ১০ থেকে ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী কৃষক হানিফা বেপারী। এ ঘটনায় প্রতিবেশী আফজাল মোল্লাকে দায়ী করে নড়িয়া থানায় লিখিত অভিযোগ দিয়েছেন তিনি।

গত শুক্রবার (২০ অক্টোবর) রাতে উপজেলার ঘড়িসার ইউনিয়নের আদম ক্রোকি মনিরাবাদ এলাকায় এ ঘটনা ঘটে।

অভিযোগ সুত্রে জানা যায় , প্রায় এক বছর আগে প্রতিবেশী আফজাল মোল্লার সঙ্গে ১০ হাজার টাকা ধার দেওয়া-নেওয়াকে কেন্দ্র করে বিরোধের সৃষ্টি হয়। পাওনা টাকা ফেরত চাইলে তাঁকে বিভিন্নভাবে হয়রানি ও হুমকি দেওয়া হয়। এর ধারাবাহিকতায় বিভিন্ন সময়ে তাঁর ঘরের মালামাল ও ফসল চুরির ঘটনাও ঘটে।

সর্বশেষ গত শুক্রবার রাতে প্রায় ৭৫ শতাংশ জমিতে লাগানো তাঁর ৫ হাজার করলাগাছ কেটে ফেলা হয়। আড়াই লক্ষ টাকা লোনসহ ধারদেনা ও নিজের শ্রম দিয়ে গড়ে তোলা ক্ষেতের গাছগুলো নষ্ট হওয়ায় প্রায় ১০ থেকে ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি কৃষকের।

হানিফা বেপারী বলেন, অনেক কষ্ট করে করলার ক্ষেত তৈরি করেছিলেন। এই ফসল বিক্রি করে সংসারের খরচ মেটানোর স্বপ্ন ছিল তাঁর। কিন্তু রাতের আঁধারে সব গাছ কেটে ফেলায় তিনি এখন নিঃস্ব হওয়ার পথে। ঘটনার প্রতিবাদ করায় তাঁকে প্রাণনাশের হুমকিও দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। এ অবস্থায় নিজের ও পরিবারের নিরাপত্তা নিয়ে শঙ্কিত রয়েছেন।

এ ব্যাপারে অভিযুক্ত আফজাল মোল্লা মুঠোফোনে বলেন, মানুষের সাথে যেকোনো বিষয় নিয়ে ঝামেলা থাকতেই পারে। তাই বলে ফসল কেটে ফেলতে হবে। আমি এ ধরনের নিষ্ঠুর কাজ করিনি। যদি আপনারা প্রমাণ করতে পারেন তাহলে আমি যেকোনো বিচার মেনে নিব।

কাচিকাটা ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক দুলাল সরদার বলেন,মানুষের সাথে শত্রুতা থাকতে পারে। তবে এই গাছের চারার সাথে এ কেমন অমানবিক পাষণ্ডতা। জনাব তারেক রহমান কৃষকের জন্য সর্বোচ্চ কাজ করছেন। তাই যারা এ ধরনের বর্বরতা কাজ করে তাদের কঠোর শাস্তি হওয়া দরকার।

এ বিষয়ে নড়িয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, ‘এ ঘটনায় থানায় একটি অভিযোগ পেয়েছি। মৎস্য অভিযান ও পূজার কারণে আমরা কিছুটা ব্যস্ত ছিলাম। দ্রুত বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

আজকালের কন্ঠ/আর বি