সিরাজদিখানে মাদকবিরোধী অভিযানে ৬০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার ৭ | Daily AjKaler Kontho

সিরাজদিখানে মাদকবিরোধী অভিযানে ৬০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার ৭


মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি প্রকাশের সময় : নভেম্বর ৪, ২০২৬, ১২:০২ অপরাহ্ন
সিরাজদিখানে মাদকবিরোধী অভিযানে ৬০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার ৭

মুন্সীগঞ্জের সিরাজদিখানে বিশেষ মাদকবিরোধী অভিযান চালিয়ে ৬০০ গ্রাম গাঁজাসহ সাতজনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (৩ নভেম্বর) রাত পৌনে আটটার দিকে উপজেলার শেখরনগর বাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

​পুলিশ সূত্রে জানা গেছে, জেলা পুলিশ সুপারের নির্দেশনায় সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও মাদক নির্মূলে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। এর অংশ হিসেবে শেখরনগর তদন্ত কেন্দ্রের ইনচার্জের তদারকিতে এসআই (নিঃ) মো. আক্কাস আলী সঙ্গীয় ফোর্স নিয়ে শেখরনগর ইউনিয়নের শেখরনগর বাজারের নাজির হোসেনের ইলেকট্রনিক্স দোকানের সামনের পাকা রাস্তায় অভিযান চালান। সেখান থেকে হাতেনাতে মাদকসহ সাতজনকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে সর্বমোট ৬০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

​গ্রেফতারকৃতরা হলেন—নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের এনায়েত নগর এলাকার মৃত আব্দুল লতিফ মিজির ছেলে মো. বুলু মিজি (৫১), শরীয়তপুরের পালং থানার বড়াইল এলাকার মৃত ফজলে কাজীর ছেলে খলিল কাজী (৪৩), ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরের সফুরা কান্দি এলাকার মৃত জালু মিয়ার ছেলে মো. মনির (৪৫), মুন্সীগঞ্জের সিরাজদিখানের খালপাড় এলাকার মৃত জুম্মনের ছেলে মো. কাওসার (৪৫), ময়মনসিংহের তারাগঞ্জ থানার সানুড়া এলাকার আ. জব্বারের ছেলে মো. আবু সাঈদ (৪২), একই জেলার কোতোয়ালী থানার ব্রাহ্মণপল্লী এলাকার মৃত জালাল উদ্দীনের ছেলে মো. সুমন মিয়া (৩৮) এবং মুন্সীগঞ্জের গজারিয়ার আনারপুরা এলাকার আ. কাদেরের ছেলে মো. সুমন (৪৫)।
​
জেলা পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

আজকালের কন্ঠ/আর বি