
নড়াইলের লোহাগড়া উপজেলায় সুপারি গাছের চারা রোপণকে কেন্দ্র করে বাক-বিতণ্ডা। এক পর্যায়ে হাসানুর শেখ (৫৫) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার আপন চাচাতো ভাই ও তার ছেলে, মেয়েদের বিরুদ্ধে।
বুধবার (৪ নভেম্বর) সকাল সাড়ে ৬ টার দিকে উপজেলার লক্ষীপাশা ইউনিয়নের বয়রা (পূর্বপাড়া) গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত হাসানুর শেখ বয়রা পূর্ব পাড়া গ্রামের ছত্তার শেখের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার সকালে হাসানুর বাড়ির পাশে লাগানো সুপারি গাছে পানি দিতে যান। এসময় তার চাচাতো ভাই হাসদেল শেখ তার নিজ জমিতে ছায়া পড়বে জানান। আর সুপারি গাছ কেন লাগিয়েছে জিজ্ঞেস করেন। এ নিয়ে হাসানুরের সঙ্গে হাসদেল শেখের বাক-বিতণ্ডা শুরু হয়। এর এক পর্যায়ে হাসদেলের ছেলে মামুন শেখ, আরমান শেখে ও মেয়ে তাসলিমা খানম দেশীয় অস্ত্র দিয়ে হাসানুরকে কুপিয়ে গুরুতর আহত করেন। পরে স্বজনরা তাকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরী বিভাগে দ্বায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তবে অভিযুক্তরা ঘটনার পর পালিয়ে যাওয়ায় এসব অভিযোগের ব্যাপারে তাৎক্ষণিকভাবে তাদের বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। এ ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে।
আজকালের কন্ঠ/আর বি
আপনার মতামত লিখুন :