দেবিদ্বারে মাদকমুক্ত সমাজ গড়তে প্রবাসী জামান আক্তারের ব্যতিক্রমী উদ্যোগ | Daily AjKaler Kontho

দেবিদ্বারে মাদকমুক্ত সমাজ গড়তে প্রবাসী জামান আক্তারের ব্যতিক্রমী উদ্যোগ


কুমিল্লা জেলা প্রতিনিধি প্রকাশের সময় : অক্টোবর ৩১, ২০২৬, ১:৩৯ অপরাহ্ন
দেবিদ্বারে মাদকমুক্ত সমাজ গড়তে প্রবাসী জামান আক্তারের ব্যতিক্রমী উদ্যোগ

খেলাধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে খেলতে চল”—এই স্লোগানকে সামনে রেখে কুমিল্লার দেবিদ্বার উপজেলার ফতেহাবাদ ইউনিয়নকে মাদকমুক্ত করতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন আমেরিকাপ্রবাসী সমাজসেবক জামান আক্তার। তরুণ সমাজকে মাদক ও অনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে রেখে খেলাধুলায় উৎসাহিত করতে ইউনিয়নের প্রতিটি গ্রামে ৩ থেকে ৪টি করে ফুটবল উপহার দেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।

ব্যক্তিগত উদ্যোগে এসব ফুটবল বিতরণ করা হবে। প্রবাসে থেকেও জন্মভূমির তরুণদের সুন্দর ভবিষ্যৎ গড়ার প্রত্যয়ে তাঁর এই উদ্যোগ ইতোমধ্যে স্থানীয়দের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে।

প্রবাসী সমাজসেবক জামান আক্তার বলেন, “আমাদের তরুণ সমাজই দেশের ভবিষ্যৎ। অথচ মাদকের কারণে অনেক তরুণের জীবন ও সম্ভাবনা নষ্ট হয়ে যাচ্ছে। আমি চাই, ফতেহাবাদ ইউনিয়নের প্রতিটি গ্রামের তরুণেরা মাদক থেকে দূরে থাকুক এবং খেলাধুলার মাধ্যমে নিজেদের মেধা ও প্রতিভা বিকশিত করুক। তাদের হাতে মাদকের পরিবর্তে ফুটবল তুলে দিতে পারলে এবং খেলার মাঠে ফিরিয়ে আনতে পারলে সেটিই হবে আমার উদ্যোগের সার্থকতা।”

তিনি আরও বলেন, “আমি প্রবাসে থাকলেও আমার মন পড়ে থাকে জন্মভূমি ও এলাকার মানুষের কাছে। এলাকার তরুণদের সুন্দর ভবিষ্যৎ গড়ে তোলার জন্য নিজের সামর্থ্য অনুযায়ী কিছু করতে চাই। সেই চিন্তা থেকেই ইউনিয়নের প্রতিটি গ্রামে ৩ থেকে ৪টি করে ফুটবল উপহার দেওয়ার উদ্যোগ নিয়েছি। আমার প্রত্যাশা, এই ফুটবলকে কেন্দ্র করে প্রতিটি গ্রামে খেলাধুলার পরিবেশ তৈরি হবে, তরুণদের মধ্যে সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ বাড়বে এবং তারা মাদকসহ সব ধরনের অনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে থাকবে। আসুন, আমরা সবাই মিলে তরুণদের জন্য একটি সুন্দর, সুস্থ ও মাদকমুক্ত সমাজ গড়ে তুলি।”

স্থানীয়দের প্রত্যাশা, প্রবাসী জামান আক্তারের এই উদ্যোগের মাধ্যমে ফতেহাবাদ ইউনিয়নের তরুণদের মধ্যে খেলাধুলার প্রতি আগ্রহ বাড়বে। পাশাপাশি মাদকবিরোধী সচেতনতা সৃষ্টি এবং একটি সুস্থ, সুন্দর ও মাদকমুক্ত সমাজ গঠনে উদ্যোগটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আজকালের কন্ঠ/আর বি