
সৌদি আরবের রিয়াদে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলাজনিত ঘটনায় আটকে পড়া বাংলাদেশি ওমরাহযাত্রীদের শেষ কাফেলার ৪০ সদস্য দেশে ফিরেছেন।
রোববার (২৫ অক্টোবর) দুপুরে জেদ্দা থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে তাঁদের অভ্যর্থনা জানান ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের কর্মকর্তারা। ধর্মবিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)-এর নির্দেশনায় তাঁদের নিরাপদ প্রত্যাবর্তন ও প্রয়োজনীয় সহায়তায় সার্বিক সমন্বয় করা হয়।
মন্ত্রণালয়ের পরিচালক (হজ) মো. লোকমান হোসেন ও জনসংযোগ কর্মকর্তা মো. ফরহাদ আহমেদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা বিমানবন্দরে উপস্থিত ছিলেন।
ধর্মবিষয়ক মন্ত্রণালয় সূত্রে জানা যায়, ওমরাহযাত্রীরা সৌদি আরবে অবস্থানকালে ধর্মমন্ত্রী তাঁদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখেন এবং প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দেন। মন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগে সৌদি আরবে তাঁদের দুই দিনের খাবার ও পোশাকের ব্যবস্থা করা হয়। দেশে ফেরার পরও তাঁর ব্যক্তিগত তহবিল থেকে তাঁদের আপ্যায়ন এবং সিরাজগঞ্জে নিজ গন্তব্যে পৌঁছানোর জন্য যানবাহনের ব্যবস্থা করা হয়।
দেশে ফিরে ওমরাহযাত্রীরা প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা ও সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে তাঁদের দুর্দিনে পাশে দাঁড়ানোয় ধর্মমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানান।
কাফেলার নেতৃত্বে থাকা মুয়াল্লিম আব্দুল্লাহ-আল-মামুন বলেন, সৌদি আরবে অবস্থানকালে ধর্মমন্ত্রী প্রতিনিয়ত তাঁদের খোঁজখবর নিয়েছেন। তাঁদের সার্বিক নিরাপত্তা ও প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দিয়েছেন।
তিনি আরও বলেন, লাগেজ না পাওয়ায় অনেক যাত্রী বিপাকে পড়েন। এ পরিস্থিতিতে ধর্মমন্ত্রীর নির্দেশনায় তাঁদের খাবার, পোশাক-পরিচ্ছদ ও প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হয়। দেশে ফেরার পর আপ্যায়ন এবং সিরাজগঞ্জে নিরাপদে পৌঁছানোর জন্য যানবাহনের ব্যবস্থা করায় তাঁরা ধর্মমন্ত্রীর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ সময় তাঁরা মন্ত্রীর সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে আল্লাহর মেহমানদের সেবায় আরও বেশি কাজ করার তৌফিক প্রার্থনা করেন।
এ ছাড়া প্রয়োজনীয় সহায়তা প্রদানের জন্য রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস, মক্কা ও মদিনা হজ মিশন, সৌদি আরবের সরকার এবং সৌদি এয়ারলাইনস কর্তৃপক্ষের প্রতিও আন্তরিক ধন্যবাদ জানান ওমরাহযাত্রীরা।
উল্লেখ্য, গত ১০ অক্টোবর রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুথি বিদ্রোহীদের হামলাজনিত ঘটনায় বাংলাদেশি ওমরাহ কাফেলার কয়েকজন সদস্য আহত হন। তাঁদের মধ্যে সাতজন বর্তমানে সৌদি আরবের রাজধানী রিয়াদের হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আপনার মতামত লিখুন :