
নওগাঁয় সড়কে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও সরঞ্জামসহ তিনজনকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। শুক্রবার (২৩ অক্টোবর) রাত আড়াইটার দিকে সদর উপজেলার বক্তারপুর ইউনিয়নের নওগাঁ-বদলগাছী সড়কের দারোগার ইটভাটা কাউয়াতলীর মোড় এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেফতার করা হয়। এ সময় কয়েকজন পালিয়ে যায় বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আসাদুজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। এ সময় ডাকাতির প্রস্তুতিকালে তিনজনকে গ্রেফতার করা হয়। তাঁদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহারের জন্য রাখা চাইনিজ কুড়াল, রশি, হাসুয়া, লোহার পাইপসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন নওগাঁ সদর উপজেলার আনন্দনগর এলাকার মৃত লুৎফর রহমানের ছেলে মো. মাসুদ (৩৫), উকিলপাড়া এলাকার মো. ভুট্টু কসাইয়ের ছেলে মো. হাসান (৩২) এবং আনন্দনগর এলাকার মৃত সামাদ দেওয়ানের ছেলে মো. সজীব দেওয়ান (২৮)।
পুলিশের দাবি, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে বিভিন্ন জেলায় একাধিক মামলা রয়েছে। তাঁরা চুরি ও ডাকাতির সঙ্গে জড়িত এবং বৈদ্যুতিক লাইন, মিটার ও তার চুরিতে পারদর্শী বলে প্রাথমিকভাবে জানা গেছে।
পুলিশ আরও জানায়, অভিযানের সময় কয়েকজন পালিয়ে যায়। গ্রেফতার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করে পলাতক ও অজ্ঞাতনামা ব্যক্তিদের পরিচয় ও ঠিকানা সংগ্রহের চেষ্টা চলছে। এ ঘটনায় নওগাঁ সদর মডেল থানায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
আপনার মতামত লিখুন :