
পটুয়াখালীর দুমকিতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দুটি পূজামণ্ডপ পরিদর্শন, সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও আর্থিক অনুদান প্রদান করেছেন প্রেসক্লাব দুমকির নেতৃবৃন্দ।
মঙ্গলবার (২০ অক্টোবর) সন্ধ্যায় প্রেসক্লাব নেতৃবৃন্দ প্রথমে উপজেলা সদরের নতুন বাজার এলাকার শ্রীশ্রী সার্বজনীন দুর্গা মন্দির এবং পরে লেবুখালী ইউনিয়নের গোসাইবাড়ি সার্বজনীন শ্রীশ্রী দুর্গা মন্দির পরিদর্শন করেন।
এ সময় উপস্থিত ছিলেন প্রেসক্লাব দুমকির সভাপতি ও দৈনিক বাংলাদেশের আলো প্রতিনিধি জসিম উদ্দিন সুমন, সাধারণ সম্পাদক ও আনন্দ টিভির প্রতিনিধি মিজানুর রহমান, সাবেক সভাপতি ও দৈনিক ভোরের কাগজ প্রতিনিধি হারুন অর রশীদ, যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক মানবকণ্ঠ প্রতিনিধি সৈয়দ আতিকুল ইসলাম, দপ্তর সম্পাদক ও দৈনিক আমাদের সময় প্রতিনিধি সুমন মৃধা, আইসিটি সম্পাদক ও দৈনিক কালবেলা প্রতিনিধি রাজিবুল ইসলাম, নির্বাহী সদস্য ও দৈনিক ভোরের কাগজ প্রতিনিধি আমির হোসাইনসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্যরা।
পূজামণ্ডপ পরিদর্শনকালে পৃথক শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে সংশ্লিষ্ট মন্দির কমিটির সভাপতিরা ও প্রেসক্লাব দুমকির সভাপতি জসিম উদ্দিন সুমন বক্তব্য দেন। এ সময় প্রেসক্লাব সভাপতি দুই মন্দিরের পূজা উদ্যাপন কমিটির হাতে আর্থিক অনুদান তুলে দেন।
শুভেচ্ছা বিনিময়কালে বক্তারা সাম্প্রদায়িক সম্প্রীতি, পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা ধর্ম-বর্ণ নির্বিশেষে সব সম্প্রদায়ের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থান এবং সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করার প্রত্যাশা ব্যক্ত করেন।
এ সময় প্রেসক্লাব নেতৃবৃন্দ সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানান।
আপনার মতামত লিখুন :