
পটুয়াখালীর গলাচিপায় অত্যন্ত জাঁকজমকপূর্ণ ও আনন্দঘন পরিবেশে ‘গলাচিপা পৌরকাপ ফুটবল টুর্নামেন্ট’-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে গলাচিপা হাই স্কুল মাঠে এ টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রতিমন্ত্রী নুরুল হক এমপি।
পটুয়াখালী জেলা যুব অধিকার পরিষদের সহ-সভাপতি মহিবুল্লাহ এনিম-এর ব্যক্তিগত উদ্যোগে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়।
শুক্রবার বিকেল চারটায় প্রধান অতিথি মাঠে উপস্থিত হলে আয়োজক ও স্থানীয় ক্রীড়ামোদী দর্শকরা তাকে উষ্ণ অভ্যর্থনা জানান। আসনে গ্রহণের পর জাতীয় সংগীত পরিবেশন, শান্তির প্রতীক পায়রা উড়ানো, খেলোয়াড়দের সাথে কুশল বিনিময় এবং ফুটবলে শট করার মাধ্যমে প্রতিমন্ত্রী টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আবুজার মো. ইজাজুল হক এবং গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ আহমেদ। এছাড়াও স্থানীয় বিএনপি, গণঅধিকার পরিষদ ও তাদের অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী এবং হাজারো ক্রীড়ামোদী দর্শক মাঠে উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী নুরুল হক এমপি বলেন, “দীর্ঘদিন পর গলাচিপায় এমন একটি চমৎকার ফুটবল টুর্নামেন্টের আয়োজন সত্যিই প্রশংসনীয়। সুন্দর এ আয়োজনের জন্য আমি আয়োজক কমিটিকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।” যুবসমাজকে মাদকমুক্ত রাখার ওপর গুরুত্বারোপ করে তিনি আরও বলেন, “যুবসমাজকে মাদক ও অপসংস্কৃতি থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে যুক্ত রাখতে ভবিষ্যতে আরও বড় পরিসরে এ ধরনের টুর্নামেন্টের আয়োজন করা হবে।”
উদ্বোধনী ম্যাচে দুই দলের খেলোয়াড়দের আক্রমণ ও পাল্টা আক্রমণে পুরো মাঠ জুড়ে দর্শকরা উপভোগ্য ফুটবল খেলার স্বাদ পান। টুর্নামেন্টকে কেন্দ্র করে পুরো গলাচিপা পৌর এলাকায় ক্রীড়ামোদী মানুষের মাঝে এক দারুণ উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে।
আপনার মতামত লিখুন :