দলমত নির্বিশেষে গণতন্ত্র শক্তিশালী হলেই দেশের উন্নয়ন সম্ভব: এ্যানি | Daily AjKaler Kontho

দলমত নির্বিশেষে গণতন্ত্র শক্তিশালী হলেই দেশের উন্নয়ন সম্ভব: এ্যানি


জাকির হোসেন জুয়েল, লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি প্রকাশের সময় : অক্টোবর ১৬, ২০২৬, ৫:৪৭ অপরাহ্ন
দলমত নির্বিশেষে গণতন্ত্র শক্তিশালী হলেই দেশের উন্নয়ন সম্ভব: এ্যানি

দলমত নির্বিশেষে দেশের গণতন্ত্রের ভিত শক্তিশালী রাখতে পারলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব বলে মন্তব্য করেছেন পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।

শুক্রবার (১৬ অক্টোবর) দুপুরে লক্ষ্মীপুর সমাজ উন্নয়ন পরিষদের বার্ষিক সাধারণ সভা ও শিক্ষা বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। অনুষ্ঠানে ২৫ জন মেধাবী শিক্ষার্থীর মাঝে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।

শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, “আমরা সবাই মিলে সহযোগিতা করে তারেক রহমানের হাতকে শক্তিশালী করাটাই এ মুহূর্তে খুব জরুরি। দেশের প্রয়োজনেই মানুষের জন্য নতুনভাবে বাংলাদেশ গড়ে তুলতে হবে। নির্বাচনি প্রক্রিয়া নতুনভাবে শুরু হয়েছে। এই যাত্রা অনেক দূর এগিয়ে নিতে হবে।”

 

তিনি বলেন, কঠিন পরিস্থিতি মোকাবিলা করেই নির্ধারিত লক্ষ্যে পৌঁছাতে হবে। এ জন্য সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সর্বাত্মক সহযোগিতা করতে হবে। নিজেদের মধ্যে ঐক্য বজায় রেখে সামনের দিনগুলো পার করতে হবে। দলমত নির্বিশেষে দেশের গণতন্ত্রের ভিত শক্তিশালী রাখতে পারলে নিয়মিত উন্নয়নমূলক কাজের মাধ্যমেও বাংলাদেশকে এগিয়ে নেওয়া সম্ভব।

পানিসম্পদমন্ত্রী বলেন, গত ১৭ থেকে ১৮ বছর বাংলাদেশে ভালো ইতিহাস ছিল না। বিভিন্নভাবে সেই পরিস্থিতি মোকাবিলা করতে হয়েছে। বর্তমানে যে স্বাভাবিক জীবন ফিরে এসেছে, তা তিন বছর আগেও অনেকে কল্পনা করতে পারেননি। এই স্বাভাবিক জীবন ধরে রাখাই এখন বড় দায়িত্ব।

তিনি আরও বলেন, “এত দিন রাজনৈতিক যুদ্ধ করেছি, এখন আমাদের জীবনযুদ্ধে এগিয়ে যেতে হবে। বাংলাদেশে অভাব-অনটন রয়েছে। এই পরিস্থিতি মোকাবিলা করেই আমাদের সামনে এগোতে হচ্ছে। মানুষের স্বাভাবিক জীবন নিশ্চিত করা না গেলে শিক্ষা, সামাজিক অবস্থান, সচেতনতা ও মানবকল্যাণে কাজ করার মূল্য কোথায়?”

শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, সারা দেশে নতুনভাবে কাজ শুরু হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান বিভিন্ন উদ্যোগ নিয়ে দেশ পরিচালনার যাত্রা শুরু করেছেন। এ সময় তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বনির্ভর বাংলাদেশ গড়ার উদ্যোগ এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্ব, রাজনৈতিক সংগ্রাম ও নির্যাতন-নিপীড়নের কথাও তুলে ধরেন।

তিনি বলেন, একই পরিবারের একজন জনপ্রিয় রাষ্ট্রপতি, একজন তিনবারের প্রধানমন্ত্রী এবং আরেকজন বর্তমানে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। তাঁদের রাজনৈতিক ভূমিকা ও নেতৃত্বের প্রসঙ্গ তুলে ধরে তিনি দেশের উন্নয়নে সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন।

লক্ষ্মীপুর সমাজ উন্নয়ন পরিষদের সভাপতি মোহাম্মদ ছাইফ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সহসভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্যাথোয়াইপ্রু মারমা, জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি হাফিজুর রহমান, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি শাহাদাত হোসেন, লক্ষ্মীপুর পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম লিটন এবং লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সভাপতি আ হ ম মোশতাকুর রহমানসহ আমন্ত্রিত অতিথিরা।