
মায়ের খোঁজে পথে পথে ঘুরছেন ছয় মেয়ে ও দুই ছেলে। হাতে মায়ের ছবি, চোখে তাঁকে ফিরে পাওয়ার আকুলতা। প্রায় ১০ দিন ধরে নিখোঁজ ৬০ বছর বয়সী খাদিজা বেগম। মাকে ফিরে পেতে নিজেদের কাজকর্ম ফেলে মাদারীপুরের বিভিন্ন এলাকায় ছুটে বেড়াচ্ছেন তাঁর সন্তানেরা। কিন্তু এখনো মায়ের সন্ধান মেলেনি। মাকে ছাড়া যেন থমকে গেছে তাঁদের পুরো পৃথিবী।
হৃদয়স্পর্শী এই ঘটনা মাদারীপুরের কালকিনি উপজেলার সাহেবরামপুর ইউনিয়নের চর সাহেবরামপুর গ্রামের।
খাদিজা বেগমের ছয় মেয়ে ও দুই ছেলে রয়েছে। স্বামী আশরাফ আলী হাওলাদারের সঙ্গে তাঁর দীর্ঘদিনের সংসার। সন্তানদের ছোটবেলা থেকে আদর-যত্নে বড় করেছেন তিনি। সেই মাকে হারিয়ে এখন দিশেহারা পুরো পরিবার।
স্বজনদের ভাষ্য, গত ৫ অক্টোবর সাহেবরামপুরের আন্ডারচরে এক আত্মীয়ের বাড়ি থেকে নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা হওয়ার পর নিখোঁজ হন খাদিজা বেগম। এরপর থেকে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাননি। নিখোঁজের পাঁচ দিন পর, ১০ অক্টোবর কালকিনি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন তাঁরা।
১০ অক্টোবর সাধারণ ডায়েরি করেও নিজেরা দিনরাত মাদারীপুরের বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করার পরে একপর্যায়ে মাদারীপুর বাস স্ট্যান্ড এর স্থানীয় জনতার পরামর্শে বাংলা টেলিভিশনের জেলা প্রতিনিধি, এস এম তানবীর এর নিজ বাসভবনে এসে তাহারা কান্নার জর্জরিত অবস্থায় তার মাকে ফেরত পাওয়ার জন্য সহযোগিতা কামনা করেন এবং সাথে সাথেই এই বিষয়টা আমলে নেয়া হয়।
পরিবারে তেমন অভাব-অনটন না থাকলেও এখন মায়ের অনুপস্থিতিই ছয় মেয়ে ও দুই ছেলের কাছে সবচেয়ে বড় শূন্যতা। মাদারীপুরের বিভিন্ন রাস্তা, দোকানপাট ও জনবহুল এলাকায় মায়ের ছবি নিয়ে ঘুরছেন তাঁরা। পরিচিত-অপরিচিত মানুষের কাছে জানতে চাইছেন, কেউ তাঁদের মাকে দেখেছেন কি না।
কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল আলম জানান, খাদিজা বেগমের নিখোঁজের বিষয়ে থানায় জিডি হয়েছে। তাঁর ভাষ্য, বৃদ্ধার মানসিক সমস্যা রয়েছে এবং এ কারণে তিনি মাঝেমধ্যে হারিয়ে যান।
তবে পরিবারের অভিযোগ, এখন পর্যন্ত তাঁরা পুলিশের কাছ থেকে প্রত্যাশিত সহায়তা পাননি।
প্রায় ১০ দিন পেরিয়ে গেলেও মায়ের কোনো খোঁজ না পাওয়ায় উদ্বেগ আর উৎকণ্ঠায় দিন কাটছে সন্তানদের। তাঁদের একটাই চাওয়া—মা যেন সুস্থ ও নিরাপদে বাড়ি ফিরে আসেন।
আট সন্তানের আকুল অপেক্ষা—কবে ফিরবেন তাঁদের প্রিয় মা?
আপনার মতামত লিখুন :