
সরকারের ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় পরিবারভিত্তিক তথ্য সংগ্রহের জন্য পিরোজপুরে ৪৯২ জন তথ্যসংগ্রাহক ও ৪৯ জন সুপারভাইজার নিয়োগ দেওয়া হয়েছে। এ কর্মসূচির প্রস্তুতি ও বাস্তবায়ন পরিকল্পনা তুলে ধরতে আজ সোমবার (১২ অক্টোবর) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে এক অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসক মো. গোলাম রব্বানীর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রেস কনফারেন্সে জানানো হয়, জেলার সাতটি উপজেলা ও শহর সমাজসেবা কার্যালয়ের আওতায় নিয়োগপ্রাপ্ত তথ্যসংগ্রাহক ও সুপারভাইজাররা মাঠপর্যায়ে পরিবারগুলোর তথ্য সংগ্রহ ও তদারকির দায়িত্ব পালন করবেন। প্রয়োজনীয় প্রশিক্ষণ শেষে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী এ কার্যক্রম পরিচালিত হবে।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, তথ্যসংগ্রাহক নিয়োগের হিসাবে পিরোজপুর সদর উপজেলায় ৪৪ জন, কাউখালীতে ২৯ জন, জিয়ানগরে ৩৪ জন, ভান্ডারিয়ায় ৭০ জন, মঠবাড়িয়ায় ১১৭ জন, নেছারাবাদে ৯২ জন, নাজিরপুরে ৭৪ জন এবং শহর সমাজসেবা কার্যালয়ে ৩২ জনের কথা উল্লেখ করা হয়েছে। এসব সংখ্যার মধ্যে নিয়মিত ও রিজার্ভ কর্মী অন্তর্ভুক্ত রয়েছেন বলে জানানো হয়।
অন্যদিকে, সুপারভাইজার নিয়োগের হিসাবে পিরোজপুর সদরে ৪ জন, কাউখালীতে ৩ জন, জিয়ানগরে ৩ জন, ভান্ডারিয়ায় ৭ জন, মঠবাড়িয়ায় ১২ জন, নেছারাবাদে ৯ জন, নাজিরপুরে ৮ জন এবং শহর সমাজসেবা কার্যালয়ে ৩ জনের কথা উল্লেখ করা হয়েছে।
ফ্যামিলি কার্ড কর্মসূচির মাধ্যমে পরিবারভিত্তিক সামাজিক নিরাপত্তা জোরদার এবং যোগ্য পরিবারকে সরকারি সহায়তার আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে। তথ্য সংগ্রহ ও যাচাই-বাছাইয়ের মাধ্যমে সম্ভাব্য উপকারভোগী পরিবার চিহ্নিত করার পাশাপাশি কর্মসূচিতে স্বচ্ছতা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
প্রেস কনফারেন্সে ভার্চুয়ালি যুক্ত হয়ে কর্মসূচির বিস্তারিত তুলে ধরেন সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এমপি। এ সময় উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী মিজ ফারজানা শারমীন এমপি এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
এ ছাড়া পিরোজপুর সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক (ভারপ্রাপ্ত) মো. ইব্রাহিম খলিল, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মাহামুদুর রহমান মামুন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইফতেখারুল ইসলাম শামীম, জেলা তথ্য অফিসের সহকারী পরিচালক সাইফুদ্দিন আল মাদানী, জেলা বিএনপির সদস্যসচিব এস এম সাইদুল ইসলাম কিসমত, জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন তালুকদার কুমার এবং স্বেচ্ছাসেবী সংগঠন পজেটিভ পিরোজপুরের সভাপতি মো. হাবিবুর রহমানসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :