স্থানীয়দের আন্দোলন ও সাংবাদিকদের লেখনীর প্রতিফলন, কমলনগরে এক একর জমিতে গণকবর | Daily AjKaler Kontho

স্থানীয়দের আন্দোলন ও সাংবাদিকদের লেখনীর প্রতিফলন, কমলনগরে এক একর জমিতে গণকবর


জাকির হোসেন জুয়েল লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি প্রকাশের সময় : অক্টোবর ১১, ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন
স্থানীয়দের আন্দোলন ও সাংবাদিকদের লেখনীর প্রতিফলন, কমলনগরে এক একর জমিতে গণকবর

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় স্থানীয়দের দীর্ঘদিনের আন্দোলন ও সাংবাদিকদের লেখনীর প্রতিফলন ঘটেছে এক একর সরকারি জমিতে গণকবর প্রতিষ্ঠার মধ্য দিয়ে। দীর্ঘদিনের দাবির পর উপজেলার ৮ নম্বর চরকাদিরা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে অবশেষে গণকবরটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (৯ অক্টোবর) গণকবরের উদ্বোধন উপলক্ষে সেখানে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। সংশ্লিষ্টদের তথ্যমতে, শনিবার (১০ অক্টোবর) থেকে স্থানীয় অসহায় ও সাধারণ মানুষ এখানে সম্পূর্ণ বিনা মূল্যে মরদেহ দাফনের সুযোগ পাবেন।

স্থানীয় সূত্রে জানা যায়, কমলনগরে সাধারণ মানুষের দাফনের জন্য নির্দিষ্ট জায়গার প্রয়োজনীয়তা দীর্ঘদিন ধরে অনুভূত হচ্ছিল। এ সমস্যা সমাধানে স্থানীয় সাংবাদিক, সমাজসেবক ও সচেতন নাগরিকেরা বিভিন্নভাবে দাবি তুলে ধরেন। আন্দোলন ও সংবাদ প্রকাশের মাধ্যমে বিষয়টি জনসমক্ষে তুলে ধরতে ভূমিকা রাখেন সাংবাদিক কবির হোসেন রাকিব, সাংবাদিক জাহেদ, সাংবাদিক নুরুল ইসলাম, মাওলানা গিয়াস উদ্দিন, কমলনগর হাউজিংয়ের জামাল উদ্দিন, বাবুল মীর, মিল্লাদ, রাসেল, মহিন ও জাকির শাহসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

দীর্ঘদিনের এ জনদাবির পরিপ্রেক্ষিতে দাফনকাজের জন্য এক একর সরকারি খাসজমি বরাদ্দ দেওয়া হয়। গণকবর প্রতিষ্ঠার উদ্যোগ বাস্তবায়নে ভূমিকা রাখায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাহাদুজ্জামানের প্রতি কৃতজ্ঞতা ও অভিনন্দন জানিয়েছেন স্থানীয় বাসিন্দা ও আন্দোলনকারীরা। তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়ার আয়োজনও করা হয়।

স্থানীয়দের প্রত্যাশা, গণকবরটি চালু হওয়ায় চরকাদিরা ইউনিয়নসহ পুরো কমলনগর উপজেলার অসহায় ও সাধারণ মানুষের মরদেহ দাফনের ক্ষেত্রে দীর্ঘদিনের ভোগান্তি কমবে। বিশেষ করে যেসব পরিবারের নিজস্ব কবরস্থান বা দাফনের পর্যাপ্ত জায়গা নেই, তাদের জন্য এটি গুরুত্বপূর্ণ সহায়তা হয়ে উঠবে।

দীর্ঘদিনের আন্দোলন, জনদাবি ও সাংবাদিকদের লেখনীর মধ্য দিয়ে গণকবর প্রতিষ্ঠার এ উদ্যোগ স্থানীয় পর্যায়ে জনস্বার্থে সম্মিলিত প্রচেষ্টার একটি উল্লেখযোগ্য দৃষ্টান্ত হয়ে উঠেছে।