
নীলফামারীর চিলাহাটিতে একটি ধান ভাঙানোর মিলের তিনটি ১০ কেভি ট্রান্সফরমার থেকে যন্ত্রাংশ চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ট্রান্সফরমারের বাকি অংশগুলো পার্শ্ববর্তী একটি পুকুর থেকে উদ্ধার করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, (৩ অক্টোবর শনিবার) উপজেলার চিলাহাটি মুন্সিপাড়া রেলঘুন্টি এলাকায় ধান ভাঙানোর মিলের মালিক সিরাজুল কবিরের তিনটি ট্রান্সফরমারের তার কেটে কে বা কারা গুরুত্বপূর্ণ অংশ খুলে নিয়ে যায়। পরে ট্রান্সফরমারের বাকি অংশগুলো পার্শ্ববর্তী পুকুরে ফেলে রাখে দুর্বৃত্তরা।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ঘুম থেকে উঠে হাঁটাহাঁটি করার সময় তারা ট্রান্সফরমারের তার কাটা অবস্থায় দেখতে পান। পরে আশপাশে খোঁজাখুঁজি করে ট্রান্সফরমার থেকে যন্ত্রাংশ চুরির বিষয়টি নিশ্চিত হন এবং কিছু দূরে বাকি অংশগুলো পড়ে থাকতে দেখেন।
বিষয়টি চিলাহাটি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সাঈদ ইবনে সিদ্দিককে অবহিত করা হলে তিনি দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুলিশ সদস্যদের নিয়ে পরিদর্শন করেন এবং ট্রান্সফরমারের বাকি অংশগুলো উদ্ধার করেন।পরবর্তীতে পল্লী বিদ্যুৎ সমিতি, চিলাহাটির সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হলে এলাকাবাসীর সামনে উদ্ধারকৃত মালামাল ট্রান্সফরমারের মালিকের কাছে হেফাজতে রাখা হয়।
এ বিষয়ে ট্রান্সফরমারের মালিক সিরাজুল কবিরের ছেলে সম্পদ জানান, মামলা করার বিষয়ে তারা পারিবারিকভাবে সিদ্ধান্ত নেবেন।চিলাহাটি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সাঈদ ইবনে সিদ্দিক জানান, খবর পেয়ে তিনি পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন এবং বিভিন্ন আলামত সংগ্রহ করেন। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আজকালের কন্ঠ/আর এস
আপনার মতামত লিখুন :