দুর্গম পাহাড়ি জনগোষ্ঠীদের মাঝে আলীকদম সেনাজোনের চিকিৎসা-ঔষধ সেবা কার্যক্রম প্রদান | Daily AjKaler Kontho

দুর্গম পাহাড়ি জনগোষ্ঠীদের মাঝে আলীকদম সেনাজোনের চিকিৎসা-ঔষধ সেবা কার্যক্রম প্রদান


মো.জয়নাল আবেদীন, বান্দরবান প্রতিনিধি প্রকাশের সময় : অক্টোবর ৩, ২০২৬, ৫:২৫ অপরাহ্ন
দুর্গম পাহাড়ি জনগোষ্ঠীদের মাঝে আলীকদম সেনাজোনের চিকিৎসা-ঔষধ সেবা কার্যক্রম প্রদান

দুর্গম পাহাড়ি জনপদে চিকিৎসাসেবার সংকট যখন নিত্যদিনের বাস্তবতা, তখন অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের দোরগোড়ায় চিকিৎসা পৌঁছে দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। বান্দরবানের আলীকদম উপজেলার কুরুকপাতা ইউনিয়নের লেংক্লাং পাড়ার খিদু পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত দিনব্যাপী বিনামূল্যের মেডিকেল ক্যাম্পে তিন শতাধিক পাহাড়ি নাগরিক চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ পেয়েছেন।

শনিবার (৩ অক্টোবর) আলীকদম জোনের ব্যবস্থাপনায় এ মানবিক চিকিৎসাসেবা কার্যক্রম পরিচালিত হয়। দুর্গম পাহাড়ি এলাকার মুরং সম্প্রদায়ের বিভিন্ন বয়সী নারী, পুরুষ ও শিশুসহ তিন শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ এ ক্যাম্প থেকে চিকিৎসাসেবা গ্রহণ করেন।

দুর্গম ভৌগোলিক অবস্থান, সীমিত যোগাযোগ ব্যবস্থা আর্থিক অসচ্ছলতা এবং নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রের দূরত্বের কারণে কুরুকপাতা ইউনিয়নের প্রত্যন্ত এলাকার মানুষের নিয়মিত চিকিৎসাসেবা গ্রহণ অনেক সময়ই কঠিন হয়ে পড়ে। চিকিৎসার প্রয়োজনে দীর্ঘ পথ পাড়ি দিয়ে উপজেলা সদরে যাওয়া তাদের জন্য যেমন কষ্টসাধ্য, তেমনি ব্যয়বহুলও। এমন বাস্তবতায় স্থানীয় জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে আলীকদম জোনের উদ্যোগে এ মেডিকেল ক্যাম্প আয়োজন করা হয়।

দোরগোড়ায় চিকিৎসা, বিনামূল্যে ওষুধ দিনব্যাপী মেডিকেল ক্যাম্পে আলীকদম জোনের আরএমও ক্যাপ্টেন খন্দকার রায়হান আহমেদের নেতৃত্বে সামরিক মেডিকেল টিম স্থানীয়দের স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসাসেবা প্রদান করে। বিভিন্ন সাধারণ রোগে আক্রান্ত রোগীদের চিকিৎসার পাশাপাশি স্বাস্থ্যবিষয়ক প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয়। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী রোগীদের মধ্যে বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধও বিতরণ করা হয়।

দুর্গম পাহাড়ি পাড়া থেকে এক জায়গায় চিকিৎসক ও ওষুধ পাওয়ায় স্থানীয়দের মধ্যে স্বস্তি দেখা যায়। দীর্ঘদিন ধরে চিকিৎসাসেবা গ্রহণে নানা প্রতিবন্ধকতার মুখোমুখি থাকা অনেক পরিবার এ উদ্যোগকে স্বস্তিদায়ক ও প্রয়োজনীয় বলে উল্লেখ করেন।

স্থানীয়রা জানান, দুর্গম পাহাড়ি এলাকা থেকে উপজেলা সদরে গিয়ে চিকিৎসা নেওয়া তাদের জন্য সহজ নয়। যাতায়াতের জন্য সময় ও অর্থ দুটিই বেশি প্রয়োজন হয়। ফলে অনেক সময় অসুস্থ হলেও চিকিৎসকের কাছে যাওয়া সম্ভব হয় না। সেনাবাহিনীর এ ধরনের উদ্যোগে প্রত্যন্ত এলাকার মানুষ নিজেদের বসতিপাড়ার কাছেই চিকিৎসাসেবা পাওয়ার সুযোগ পাচ্ছেন।

মানবিক সহায়তার ধারাবাহিকতা আলীকদম জোনের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, পার্বত্য চট্টগ্রামের দুর্গম ও প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি এবং প্রয়োজনীয় মানবিক সহায়তা নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনী বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় কুরুকপাতার প্রত্যন্ত এলাকায় এ মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে।

তাদের মতে, শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের পাশাপাশি দুর্গম পাহাড়ি জনপদের মানুষের মৌলিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করাও গুরুত্বপূর্ণ। স্থানীয় জনগণের প্রয়োজন ও বাস্তবতা বিবেচনায় নিয়ে ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার কথা জানান সংশ্লিষ্টরা।

দুর্গম পাহাড়ের পাদদেশে আয়োজিত এ চিকিৎসা ক্যাম্প শুধু চিকিৎসা ও ওষুধ বিতরণের মধ্যেই সীমাবদ্ধ ছিল না; প্রত্যন্ত জনগোষ্ঠীর কাছে রাষ্ট্রীয় ও মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবেও এটি স্থানীয়দের কাছে গুরুত্ব পেয়েছে।

আজকালের কন্ঠ/আর বি