
সরকারি প্রজ্ঞাপনে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও নাশকতার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে নড়াইলের লোহাগড়া উপজেলার কোটাকোল ইউনিয়ন বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩ অক্টোবর) বেলা ১২টার দিকে উপজেলার বড়দিয়া বাজার এলাকায় এই প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
মিছিলটি বড়দিয়া খেয়াঘাট থেকে শুরু হয়ে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
মিছিল শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন লোহাগড়া উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি প্রিন্সিপাল মোল্যা সাখাওয়াত শেখ, কোটাকোল ইউনিয়ন বিএনপির সভাপতি জিকরুল আলম, সাধারণ সম্পাদক বাবুল আহমেদ বাবু, লোহাগড়া উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক নিয়ামত মোল্যা, নড়াগাতী থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো: রুবেল মোল্যাসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা বলেন, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ দেশের বিভিন্ন স্থানে নৈরাজ্য ও নাশকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তাদের যেকোনো অপতৎপরতা রাজপথে থেকে প্রতিহত করতে বিএনপি নেতাকর্মীরা প্রস্তুত রয়েছে। তারা প্রশাসনের প্রতি নাশকতাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।
আজকালের কন্ঠ/আর বি
আপনার মতামত লিখুন :