অনশনের পর নিয়োগপত্র পেলেন কাজী অনিকসহ ২০ প্রাথমিক শিক্ষক প্রার্থী | Daily AjKaler Kontho

অনশনের পর নিয়োগপত্র পেলেন কাজী অনিকসহ ২০ প্রাথমিক শিক্ষক প্রার্থী


মোঃ আমিনূর ইসলাম রাব্বি, ময়মনসিংহ ব্যুরো প্রকাশের সময় : অক্টোবর ১, ২০২৬, ১:২৫ অপরাহ্ন
অনশনের পর নিয়োগপত্র পেলেন কাজী অনিকসহ ২০ প্রাথমিক শিক্ষক প্রার্থী

দীর্ঘ অনিশ্চয়তার পর অবশেষে নিয়োগপত্র পেয়েছেন ময়মনসিংহের ২০ জন প্রাথমিক সহকারী শিক্ষক প্রার্থী। এনএসআইয়ের প্রতিবেদনে নেতিবাচক তথ্য থাকার কথা জানিয়ে ২২ জনের নিয়োগ আটকে রাখা হলেও বুধবার দিনভর অনশনের পর ২০ জনকে নিয়োগপত্র দেওয়ার সিদ্ধান্ত হয়। তবে বাকি দুই প্রার্থীর বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।

বৃহস্পতিবার (১ অক্টোবর) ময়মনসিংহ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শফিকুল ইসলাম স্বাক্ষরিত ২০ জনের নিয়োগপত্র জেলা প্রাথমিক শিক্ষা অফিসের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। নিয়োগপত্র পাওয়ার পর প্রার্থীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জানিয়েছেন, নিয়োগপ্রাপ্তরা বৃহস্পতিবারই নিজ নিজ কর্মস্থলে যোগদান করবেন।

নিয়োগপত্র পাওয়া ২০ জনের মধ্যে রয়েছেন ময়মনসিংহের ফুলপুর উপজেলার বওলা ইউনিয়নের মহদীপুর গ্রামের ইউপি সদস্য কাজী মহিউদ্দিনের ছেলে কাজী অনিক।

এর আগে এনএসআইয়ের প্রতিবেদনে নেতিবাচক তথ্য থাকার কথা জানিয়ে ময়মনসিংহ জেলার চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত ২২ জন প্রাথমিক সহকারী শিক্ষক প্রার্থীর নিয়োগ স্থগিত রাখা হয়। নিয়োগপত্র না পেয়ে বুধবার সকাল সোয়া ১১টা থেকে জেলা প্রাথমিক শিক্ষা অফিসের সামনে অনশন শুরু করেন তাঁরা।

অনশনরত প্রার্থীরা দাবি করেন, তাঁদের বিরুদ্ধে কোনো ফৌজদারি মামলা বা রাজনৈতিক সংশ্লিষ্টতা নেই। এরপরও নিয়োগপত্র দেওয়া হচ্ছিল না। এমনকি এনএসআইয়ের প্রতিবেদনে তাঁদের বিরুদ্ধে কী ধরনের নেতিবাচক তথ্য রয়েছে, সে বিষয়েও তাঁদের জানানো হয়নি।

দীর্ঘ সময় অনশনের পর ২০ জনের নিয়োগপত্র প্রকাশ হওয়ায় তাঁদের নিয়োগ নিয়ে তৈরি হওয়া অনিশ্চয়তার অবসান হয়েছে। তবে বাকি দুই প্রার্থীর নিয়োগের বিষয়ে এখনো সিদ্ধান্ত না হওয়ায় বিষয়টি নিয়ে তাঁদের মধ্যে উদ্বেগ রয়েছে।

আজকালের কন্ঠ/আর বি