
লক্ষ্মীপুরের রামগঞ্জে সংসদ সদস্য মো. শাহাদাত হোসেন সেলিমের একটি বক্তব্যকে কেন্দ্র করে বিতর্কের সৃষ্টি হয়েছে। ওই বক্তব্যে আইনজীবী সমাজের পেশাগত মর্যাদা ও সামাজিক ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে—এমন অভিযোগ এনে তাকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন লক্ষ্মীপুর জজ কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ওমর ফারুক তুষার।
গত ৩০ সেপ্টেম্বর সকালে রামগঞ্জ উপজেলার কচুয়া আহমদিয়া ফাযিল ডিগ্রি মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিম।
আইনজীবী ওমর ফারুক তুষারের পাঠানো লিগ্যাল নোটিশে দাবি করা হয়েছে, ওই অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় সংসদ সদস্য আইনজীবীদের নিয়ে এমন কিছু মন্তব্য করেন, যা আইনজীবী সমাজের পেশাগত মর্যাদা ও সামাজিক সম্মান ক্ষুণ্ন করেছে।
নোটিশে সংসদ সদস্যের বক্তব্য হিসেবে উল্লেখ করা হয়েছে—“রাতে আইনজীবীরা দোয়া করে যে, আগামীকাল ২/৪ জন মাদকসেবী পাই ও জামিন করাইতে পারি, যে ভালমন্দ বাজার করে বাড়ি ফিরতে পারি।”
এছাড়া আইনজীবীরা “২/৪/১০ টাকার বিনিময়ে মাদকসেবীদের জামিন করাইয়া থাকে”—এমন মন্তব্য করা হয়েছে বলেও নোটিশে দাবি করা হয়েছে।
নোটিশদাতা আইনজীবীর অভিযোগ, এ ধরনের বক্তব্য আইনজীবীদের পেশাগত মর্যাদা ও সামাজিক ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে। তাই বক্তব্য প্রত্যাহার করে আইনজীবী সমাজের কাছে প্রকাশ্যে নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবি জানানো হয়েছে।
লিগ্যাল নোটিশে নির্ধারিত সময়ের মধ্যে বক্তব্য প্রত্যাহার ও প্রকাশ্যে ক্ষমা না চাইলে প্রচলিত আইন অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়েছে। নোটিশে বাংলাদেশ দণ্ডবিধির ৪৯৯ ও ৫০০ ধারারও উল্লেখ করা হয়েছে।
তবে লিগ্যাল নোটিশে উত্থাপিত বিষয়গুলো নোটিশদাতা আইনজীবীর অভিযোগ ও দাবি। এ বিষয়ে সংসদ সদস্য মো. শাহাদাত হোসেন সেলিমের বক্তব্য বা প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তার বক্তব্যের পূর্ণাঙ্গ ভিডিও বা সংশ্লিষ্ট পক্ষের বক্তব্য পাওয়া গেলে তা প্রতিবেদনে যুক্ত করা হবে।
আজকালের কন্ঠ/আর বি
আপনার মতামত লিখুন :