
জামায়াতে ইসলামী নির্বাচনে জয়লাভ করতে না পেরে দিশেহারা হয়ে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে বলে মন্তব্য করেছেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান খোকন তালুকদার। তিনি বলেন, যাদের রাজনীতির জন্মই হয়েছে চাঁদার টাকায়, তারাই আজ বিএনপির সুনাম ক্ষুণ্ন করতে অপপ্রচারে লিপ্ত হয়েছে।
মঙ্গলবার দুপুরে মাদারীপুরের ডাসার উপজেলার শশিকর শহীদ স্মৃতি মহাবিদ্যালয়ে আয়োজিত নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
খোকন তালুকদার এনসিপিকে উদ্দেশ্য করে আরো বলেন, কিছু অপপ্রচার করছে বর্তমানে যারা এনসিপি নেতৃত্বে আছেন, তারাও কিছু অপপ্রচারে লিপ্ত হয়েছেন প্রধানমন্ত্রীকে নিয়ে আবোল-তাবোল বকছেন। তাদের যদি বিগত দিনের ইতিহাস আমরা দেখতে যাই। তারা আওয়ামী লীগের স্লোগান ধরতে ধরতে তাদের মুখ ব্যথা হয়ে গেছে এখন তারা আওয়ামী লীগের বিরুদ্ধচারণ করছে। আবার তারা বিএনপিকেও ছোট করার চেষ্টা করছে।
এসময় ডাসার উপজেলা নির্বাহী অফিসার তানজিল পারভেজের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শহীদ স্মৃতি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ দুর্লভানন্দ বাড়ৈ, ডাসার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আশরাফুজ্জামান, উপজেলা এল জি ই ডি নির্বাহী প্রকৌশলী রেজাউল করিম, ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সোলায়মান মাহমুদ, ডাসার উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন তালুকদারসহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আজকালের কন্ঠ/আর বি
আপনার মতামত লিখুন :