শৌচাগারের জায়গায় বহুতল ভবন নির্মাণের অভিযোগ, ‘অবৈধ প্লান’ বাতিলের দাবি | Daily AjKaler Kontho

শৌচাগারের জায়গায় বহুতল ভবন নির্মাণের অভিযোগ, ‘অবৈধ প্লান’ বাতিলের দাবি


নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৯, ২০২৬, ৫:৫৪ অপরাহ্ন
শৌচাগারের জায়গায় বহুতল ভবন নির্মাণের অভিযোগ, ‘অবৈধ প্লান’ বাতিলের দাবি

বরিশাল নগরীর কালীবাড়ি রোডের কাঞ্চন পার্কসংলগ্ন জনসাধারণের শৌচাগারের জন্য নির্ধারিত জায়গায় বহুতল ভবন নির্মাণের জন্য বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) নকশা অনুমোদনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপি নেত্রী আফরোজা খানম নাসরিন।

তবে অভিযোগের বিষয়ে বিসিসি জানিয়েছে, সংশ্লিষ্ট ব্যক্তি মালিকানাধীন জমিতে কোনো ইমারতের নকশা চূড়ান্তভাবে অনুমোদন বা হস্তান্তর করা হয়নি। একই সঙ্গে অনুমোদিত নকশা ছাড়াই নির্মাণকাজ শুরু করায় তা বন্ধ করে নির্মাণসামগ্রী জব্দ করা হয়েছে।

গতকাল সোমবার ঘটনাস্থল পরিদর্শন করে কথিত অবৈধ প্লান বাতিল এবং পার্কে আগত সাধারণ মানুষের শৌচাগারের জন্য নির্ধারিত জায়গা থেকে স্থাপনা অপসারণের দাবি জানান আফরোজা খানম নাসরিন। তিনি অভিযোগ করেন, জনসাধারণের ব্যবহারের জন্য রাখা জায়গায় কীভাবে বহুতল ভবনের প্লান অনুমোদন করা হলো, তা খতিয়ে দেখা প্রয়োজন। বিসিসির কোনো অসাধু কর্মকর্তা ও প্রভাবশালী মহলের যোগসাজশে এ ধরনের প্লান নেওয়া হয়েছে কি না, সে বিষয়েও তদন্তের দাবি জানান তিনি।

নাসরিন আরও অভিযোগ করেন, নির্মাণকাজ বন্ধ রাখার পরও কীভাবে পুনরায় কাজ শুরুর সুযোগ দেওয়া হলো, তা নিয়েও প্রশ্ন রয়েছে। প্লান অনুমোদনের ক্ষেত্রে কোনো আর্থিক লেনদেন হয়েছে কি না, সেটিও তদন্ত করে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।
তিনি বলেন, “জনসাধারণের জন্য নির্ধারিত শৌচাগারের জায়গা দখল করে কোনো ধরনের স্থাপনা নির্মাণ করতে দেওয়া হবে না। দ্রুত কথিত অবৈধ প্লান বাতিল ও স্থাপনা অপসারণ করা না হলে নগরবাসীকে সঙ্গে নিয়ে কর্মসূচি দেওয়া হবে।” এ সময় তিনি বিসিসির প্রশাসক অ্যাডভোকেট বিলকিস জাহান শিরিনসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

এদিকে, অভিযোগের পরিপ্রেক্ষিতে বরিশাল সিটি করপোরেশন থেকে দেওয়া এক প্রেস রিলিজে বলা হয়েছে, নগরীর ১৮ নম্বর ওয়ার্ডের আওতাধীন কাঞ্চন পার্কসংলগ্ন একটি ব্যক্তি মালিকানাধীন জমিকে ঘিরে নানা গুজব ও পরিকল্পিত বিভ্রান্তি সৃষ্টি করা হয়েছে। বিসিসির দাবি, সংশ্লিষ্ট জমিতে সিটি করপোরেশন কর্তৃক কোনো ইমারতের নকশা চূড়ান্তভাবে অনুমোদন ও হস্তান্তর করা হয়নি।

প্রেস রিলিজে আরও বলা হয়, অনুমোদিত নকশা ছাড়াই নির্মাণকাজ শুরু করায় সিটি করপোরেশনের প্রশাসকের নির্দেশনায় গত ২১ সেপ্টেম্বর ২০২৬ তারিখে দ্রুত নির্মাণকাজ স্থগিত করা হয়। পাশাপাশি সাইটে থাকা নির্মাণসামগ্রী জব্দ করা হয়েছে।

বিসিসি আরও জানিয়েছে, উক্ত ব্যক্তি মালিকানাধীন জমিতে বরিশাল সিটি করপোরেশন কর্তৃক কোনো পাবলিক টয়লেট নির্মাণের প্রস্তাবনা ইতিপূর্বে কখনো গ্রহণ করা হয়নি। তবে নগরবাসীর চাহিদা ও স্বার্থকে অগ্রাধিকার দিয়ে ওই জমিতে ইমারতের নকশা অনুমোদন স্থগিত রাখা হয়েছে।
প্রেস রিলিজে বলা হয়েছে, গণপরিসরের জন্য উন্মুক্ত কাঞ্চন পার্ক সংরক্ষণ ও সুরক্ষিত রাখার স্বার্থে ওই ব্যক্তি মালিকানাধীন জমিতে ইমারতের নকশা অনুমোদনের বিষয়ে তদন্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে নগরবাসীকে কোনো ধরনের গুজব বা বিভ্রান্তিকর তথ্যে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ জানিয়েছে সিটি করপোরেশন।

এ বিষয়ে ভবনটির মালিক বা সংশ্লিষ্ট ব্যক্তির বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

আজকালের কন্ঠ/আর বি