
পটুয়াখালীর দুমকিতে সাবেক লেবুখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রয়াত শাহ আলম আকনের গোয়ালঘর ও সংলগ্ন কবুতরের বাসায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার ভোররাতে লেবুখালী ইউনিয়নে এ ঘটনা ঘটে। এতে গোয়ালঘর, কবুতরের বাসা ও বিভিন্ন মালামাল পুড়ে প্রায় আড়াই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে পরিবার।
স্থানীয়রা জানান, শুক্রবার ভোররাতে শাহ আলম আকনের বাড়ির গোয়ালঘর ও পাশের কবুতরের বাসায় আগুন জ্বলতে দেখা যায়। পরে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
আগুনে গোয়ালঘর ও কবুতরের বাসাসহ সেখানে থাকা বিভিন্ন মালামাল পুড়ে যায়। এতে প্রায় আড়াই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি পরিবারের।
শাহ আলম আকনের মেজো ছেলে সাবেক লেবুখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম তুহিন বলেন, ‘আমরা কখনো প্রতিহিংসার রাজনীতি করিনি, কারও ক্ষতি করিনি। কিন্তু আজ আমার পরিবার রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছে।’
তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম উদ্দীন বলেন, ‘ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
আজকালের কন্ঠ/আর বি
আপনার মতামত লিখুন :