দেবিদ্বারে বিষাক্ত সাপের কামড়ে জেলের মৃত্যু | Daily AjKaler Kontho

দেবিদ্বারে বিষাক্ত সাপের কামড়ে জেলের মৃত্যু


কুমিল্লা জেলা প্রতিনিধি প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৪, ২০২৬, ৫:০৪ অপরাহ্ন
দেবিদ্বারে বিষাক্ত সাপের কামড়ে জেলের মৃত্যু

কুমিল্লা দেবিদ্বারে বিষাক্ত সাপের কামড়ে মোসলেম উদ্দিন খান (৫৮) নামে এক জেলের মৃত্যু হয়েছে। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

নিহত মোসলেম উদ্দিন খান উপজেলার মোহনপুর ইউনিয়নের ভৈষেরকুট গ্রামের বাহর খানের বাড়ির মৃত ফজর আলীর ছেলে। তিনি দীর্ঘদিন ধরে স্থানীয় খাল-বিলে ভেল জাল দিয়ে মাছ ধরে জীবিকা নির্বাহ করে আসছিলেন।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, বুধবার দিবাগত রাত ৩টার দিকে মোসলেম উদ্দিন খালে পাতা ভেল জাল তুলতে যান। জাল থেকে মাছ হাতে সংগ্রহ করার সময় অসাবধানতাবশত একটি বিষধর সাপকে মাছ মনে করে ধরে ফেলেন। এ সময় সাপটি তার হাতে কামড় দেয়।

পরে স্বজনরা দ্রুত তাকে উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তার শারীরিক অবস্থার অবনতি হলে আশঙ্কাজনক অবস্থায় তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার রক্ত পরীক্ষা করা হয়। তবে ভ্যাকসিন দেওয়ার আগেই বৃহস্পতিবার সকাল ৭টার দিকে তিনি মারা যান।

মোসলেম উদ্দিনের মৃত্যুতে পরিবার ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

আজকালের কন্ঠ/আর বি