
মাদারীপুরের শিবচরে উপজেলা পর্যায়ের বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও বিএনপির নেতাদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) উপজেলা পরিষদ ময়না কাটা সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা আসন-সংসদ সদস্য জনাব হেলেন জেরিন খান। সভায় সভাপতিত্ব করেন শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ এম ইবনে মিজান।
মতবিনিময় সভায় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা নিজ নিজ বিভাগের কার্যক্রম, সমস্যা, সম্ভাবনা ও চলমান উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে বক্তব্য দেন। এ সময় উপজেলার সার্বিক উন্নয়ন, জনসেবা নিশ্চিতকরণ, আইনশৃঙ্খলা, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, অবকাঠামোসহ দেশের সামগ্রিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
সভায় বিশেষ গুরুত্ব পায় বিদ্যুৎ সরবরাহ ও বিদ্যুৎ ঘাটতির বিষয়টি। বিদ্যুৎ সংকট মোকাবিলায় সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ানো এবং নবায়নযোগ্য জ্বালানির প্রতি গুরুত্ব দেওয়ার ওপর জোর দেওয়া হয়। পাশাপাশি সরকারের বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা ও প্রধানমন্ত্রীর গৃহীত উদ্যোগ বাস্তবায়নে মাঠপর্যায়ের কর্মকর্তাদের সমন্বিতভাবে কাজ করার বিষয়ে আলোচনা করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য হেলেন জেরিন খান বলেন, জনগণের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দিতে সংশ্লিষ্ট সব দপ্তরের কর্মকর্তাদের আন্তরিকতা ও সমন্বয়ের সঙ্গে কাজ করতে হবে। দেশের উন্নয়ন ও জনকল্যাণে সরকারের চলমান কার্যক্রম আরও গতিশীল করার ওপর তিনি গুরুত্বারোপ করেন
সভায় উপজেলা পৌর বিএনপির সদস্য-সচিব আজমল হোসেন খান, সেলিম-সহ উপজেলার বিভিন্ন নেতাকর্মী ও প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :