সাতক্ষীরা পৌর এলাকার ফুটপথ ও সড়কের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং পথচারীদের নিরাপদ সড়ক নিশ্চিতের দাবীতে স্মারকলিপি | Daily AjKaler Kontho

সাতক্ষীরা পৌর এলাকার ফুটপথ ও সড়কের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং পথচারীদের নিরাপদ সড়ক নিশ্চিতের দাবীতে স্মারকলিপি


সাতক্ষীরা জেলা প্রতিনিধি প্রকাশের সময় : সেপ্টেম্বর ২১, ২০২৬, ৭:৫১ অপরাহ্ন
সাতক্ষীরা পৌর এলাকার ফুটপথ ও সড়কের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং পথচারীদের নিরাপদ সড়ক নিশ্চিতের দাবীতে স্মারকলিপি

সাতক্ষীরা পৌর এলাকার ফুটপাত ও সড়কের পাশের অবৈধ দখল উচ্ছেদ এবং পথচারীদের চলাচলের পথ উন্মুক্ত এবং নিরাপদ সড়ক নিশ্চিত করার দাবিতে সাতক্ষীরা পৌরসভার প্রশাসক শেখ মইনুল ইসলাম মঈনের কাছে স্মারকলিপি দিয়েছে নিরাপদ সড়ক চাই (নিসচা) সাতক্ষীরা শাখার নেতৃবৃন্দ।

সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে সাতক্ষীরা পৌরসভা কার্যালয়ে এ স্মারকলিপি প্রদান করা হয়। এ সময় নিসচা সাতক্ষীরা শাখার উপদেষ্টা সাপ্তাহিক মুক্ত স্বাধীন পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোঃ আবুল কালাম, জেলা বিএনপির সদস্য মাসুম বিল্লাহ শাহীন, সভাপতি এস এম মহিদার রহমান, সাধারণ সম্পাদক মীর আবু বকর, সহ-সাধারণ সম্পাদক মো. মাসুদ আলী,সহ-সাধারণ সম্পাদক শাহজাহান আলী মিটন, সহ-সাধারণ সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান, অর্থ সম্পাদক মো. ফিরোজ হোসেন, দপ্তর সম্পাদক মো. কামাল উদ্দীন সরদার, সাংস্কৃতিক সম্পাদক মো. আতিকুজ্জামান, সমাজকল্যাণ সম্পাদক মো. দেলোয়ার হোসেন, যুব বিষয়ক সম্পাদক মো. জাকির হোসেন জনিসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

স্মারকলিপিতে বলা হয়, সাতক্ষীরা শহরের গুরুত্বপূর্ণ সড়ক ও জনবহুল এলাকায় দীর্ঘদিন ফুটপাত অবৈধভাবে দখল করে ব্যবসা পরিচালনা করা হচ্ছে। কোথাও দোকান, কোথাও পণ্যসামগ্রী, ভ্যানসহ বিভিন্ন ধরনের স্থাপনা ও ব্যবসায়িক কার্যক্রমের কারণে পথচারীদের চলাচলে ব্যাপক দুর্ভোগ সৃষ্টি হচ্ছে। অনেক স্থানে ফুটপাত ও সড়কের পাশের সরকারি জায়গা দখল করে ব্যবসা পরিচালনার কারণে পথচারীরা বাধ্য হয়ে মূল সড়কে নেমে চলাচল করছেন। এতে যানবাহনের সঙ্গে পথচারীদের সংঘর্ষের আশঙ্কা বাড়ছে এবং প্রায়ই ছোট-বড় দুর্ঘটনা ঘটছে।

এতে আরও বলা হয়, বিশেষ করে শিশু, শিক্ষার্থী, নারী, বয়স্ক ও প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য এ পরিস্থিতি ঝুঁকিপূর্ণ। ফুটপাত দখলমুক্ত করে পথচারীদের নিরাপদ চলাচলের ব্যবস্থা করা হলে একদিকে যেমন দুর্ঘটনার ঝুঁকি কমবে, অন্যদিকে শহরের সৌন্দর্য ও স্বাভাবিক পরিবেশও ফিরবে। স্মারকলিপিতে পাকা পুলের মোড় থেকে কেষ্ট ময়রার মোড় পর্যন্ত ফুটপাত ও সড়কের পাশের অবৈধ দখল চিহ্নিত করে উচ্ছেদ, পৌরদীঘির কোনা থেকে উপজেলা পরিষদ পর্যন্ত সড়কের উভয় পাশে ফুটপাত ও সরকারি জায়গা দখলমুক্ত করা এবং লাবণী মোড় থেকে পাকাপোল পর্যন্ত ফুটপাত দখলমুক্ত করার দাবি জানানো হয়।

এছাড়া থানার পেছনের পশ্চিম ও দক্ষিণ পাশে অবৈধভাবে দখল করে পরিচালিত ব্যবসা-বাণিজ্য উচ্ছেদ করে জায়গাটি জনসাধারণের ব্যবহারের উপযোগী করা, শহরের অন্যান্য সড়ক ও ফুটপাতের অবৈধ দখল চিহ্নিত করে দখলমুক্ত করা, ফুটপাত দখল করে দোকান ও পণ্যসামগ্রী রাখার বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা এবং দখলমুক্ত করার পর পুনরায় যাতে দখল না হয় সে জন্য নিয়মিত মনিটরিংয়ের দাবি জানানো হয়েছে। পথচারীদের নিরাপদ চলাচলের জন্য প্রয়োজনীয় ফুটপাত সংস্কার, পরিষ্কার-পরিচ্ছন্নতার ব্যবস্থা, গুরুত্বপূর্ণ মোড় ও জনবহুল এলাকায় অবৈধ পার্কিং, ভ্যান, ইজিবাইকসহ যানবাহনের কারণে যাতে পথচারীদের চলাচল বাধাগ্রস্ত না হয় সে বিষয়ে কার্যকর ব্যবস্থা গ্রহণের কথাও স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে।

এ সময় নিসচা নেতৃবৃন্দ বলেন, ফুটপাত দখলমুক্ত করা শুধু সৌন্দর্য রক্ষার বিষয় নয়; এটি পথচারীদের নাগরিক অধিকার, জননিরাপত্তা এবং সড়ক দুর্ঘটনা কমানোর সঙ্গে সরাসরি সম্পর্কিত। তাই জনস্বার্থে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য পৌর প্রশাসনের প্রতি আহ্বান জানান তারা।

এ সময় আরও উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সোসাইটি সাতক্ষীরা শাখার সভাপতি তৌফিকুজ্জামান লিটু এবং জাতীয় সাংবাদিক সোসাইটির সাংগঠনিক সম্পাদক মোঃ আতিয়ার রহমান,নিসচা সাতক্ষীরা শাখার কার্যকরী সদস্য মো. মুনসুর রহমান, মো. আব্দুল মান্নান, হাফেজ মো. আবুল হোসেন, এস এম আমীর হামজা, জি এম সোহরাব হোসেন, এম এম রবিউল ইসলাম, মো. মাসুদ হাসান মনি, মো. মোস্তাফিজুর রহমান, মোহাম্মাদ হাফিজ, মো. কামাল হোসেন ও অধ্যক্ষ মোরশেদুল হক এবং সদস্য মোঃ মনিরুল ইসলামসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

সাতক্ষীরা পৌর এলাকার ফুটপথ ও সড়কের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং পথচারীদের নিরাপদ সড়ক নিশ্চিতের দাবীতে স্মারকলিপি প্রদান করা হয়।

আজকালের কন্ঠ/আর বি