ভূল্লীতে পুকুরে পড়ে ৪ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু | Daily AjKaler Kontho

ভূল্লীতে পুকুরে পড়ে ৪ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু


রেজাউল ইসলাম মাসুদ, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি প্রকাশের সময় : সেপ্টেম্বর ২১, ২০২৬, ৭:৪৬ অপরাহ্ন
ভূল্লীতে পুকুরে পড়ে ৪ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

ঠাকুরগাঁওয়ের নবগঠিত ভূল্লী উপজেলার ১ নম্বর বড়গাঁও ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের জালালী গ্রামে পুকুরে পড়ে বিশ্বজিৎ শর্মা (৪) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় পরিবার ও এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। নিহত বিশ্বজিৎ শর্মা ওই গ্রামের জীবন শর্মার ছেলে।

সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে বাড়ির দক্ষিণ পাশে একটি ছোট পুকুরে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার আগে শিশু বিশ্বজিৎ তার দাদু কুলেশ্বরকে বলে, “দাদু, আমি মাছ মারব।” এরপর সে বাড়ির আশপাশে যায়। কিছুক্ষণ পর পরিবারের লোকজন বিশ্বজিৎকে দেখতে না পেয়ে বাড়ির বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি শুরু করেন। বাড়ির আশপাশসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ করেও তার সন্ধান না পেয়ে পরিবারের সদস্য ও স্থানীয়রা উদ্বিগ্ন হয়ে পড়েন।

একপর্যায়ে বাড়ির দক্ষিণ পাশের ছোট পুকুরটিতে খোঁজাখুঁজি শুরু করা হয়। সেখানে খোঁজ চালানোর পর পানির নিচ থেকে শিশু বিশ্বজিৎকে উদ্ধার করা হয়।

স্থানীয়দের ধারণা, পাটক্ষেতের শিঞ্জা দিয়ে মাছ ধরার জন্য পুকুরপাড়ে যাওয়ার সময় অসাবধানতাবশত পা পিছলে পানিতে পড়ে যায় শিশুটি। পরে স্থানীয়রা তাকে পুকুর থেকে উদ্ধার করলেও ততক্ষণে তার মৃত্যু হয়।

ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্বজন, প্রতিবেশী ও স্থানীয়রা শিশুটিকে একনজর দেখতে বাড়িতে ভিড় করেন। পরিবারের সদস্যদের আহাজারিতে এলাকায় এক হৃদয়বিদারক পরিবেশের সৃষ্টি হয়।

স্থানীয় জনপ্রতিনিধি সতিশ মেম্বার, বাবুল, তপনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ঘটনাস্থল ও নিহত শিশুর পরিবারের সঙ্গে কথা বলেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আজকালের কন্ঠ/আর বি