দেবিদ্বারে মাকে কুপিয়ে ও ভাতিজিকে আছড়ে হত্যার অভিযোগ, যুবক আটক | Daily AjKaler Kontho

দেবিদ্বারে মাকে কুপিয়ে ও ভাতিজিকে আছড়ে হত্যার অভিযোগ, যুবক আটক


কুমিল্লা জেলা প্রতিনিধি প্রকাশের সময় : সেপ্টেম্বর ২১, ২০২৬, ৭:০২ অপরাহ্ন
দেবিদ্বারে মাকে কুপিয়ে ও ভাতিজিকে আছড়ে হত্যার অভিযোগ, যুবক আটক

কুমিল্লা দেবিদ্বারে মাকে কুপিয়ে এবং আট মাস বয়সী ভাতিজিকে আছড়ে হত্যার অভিযোগ উঠেছে ইমন (২৪) নামে এক যুবকের বিরুদ্ধে। এ সময় বাধা দিতে গিয়ে গুরুতর আহত হয়েছেন তার ভাবী রাবেয়া আক্তার।

সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার বড়শালঘর ইউনিয়নের বড়শালঘর গ্রামের দক্ষিণ পাড়ার মোস্তফা মাস্টারের বাড়িতে এ ঘটনা ঘটে।

ঘটনার পর স্থানীয় বাসিন্দারা ইমনকে হাতেনাতে আটক করে একটি ঘরে তালাবদ্ধ করে রাখেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে। ইমন ওই বাড়ির মৃত ফরিদ মিয়ার ছেলে।

নিহতরা হলেন ইমনের মা মোছা. ফিরোজা বেগম এবং তার ভাতিজি ইসরাত জাহান। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন ইমনের ভাবী রাবেয়া আক্তার।

স্থানীয় সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৮টার দিকে ইমন হঠাৎ উত্তেজিত হয়ে দা দিয়ে তার মাকে কুপিয়ে হত্যা করেন বলে অভিযোগ রয়েছে। এরপর তার শিশুভাতিজিকে আছড়ে হত্যা করা হয়। এ সময় রাবেয়া আক্তার বাধা দিতে এগিয়ে এলে তাকেও এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করা হয়।

পরে স্থানীয়রা আহত রাবেয়াকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠান। একই সঙ্গে ইমনকে পাশের একটি ঘরে আটকে রাখেন।

ইমনের বড় ভাই মো. সুজন (৩৫) জানান, ২০১৮ সালে পা ভেঙে যাওয়ার পর থেকে ইমন বাড়িতে ছিলেন। তার দুইবার অস্ত্রোপচার হয়েছে। এরপর থেকে তার মধ্যে মানসিক সমস্যার লক্ষণ দেখা দেয়। সোমবার সকাল ৭টার দিকে তিনি বাড়ি থেকে বের হয়ে যান। পরে খবর পান, তার মা ও ভাতিজিকে হত্যা এবং তার ভাবিকে কুপিয়ে গুরুতর আহত করা হয়েছে।

দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ইমনকে আটক করে। প্রাথমিকভাবে জানা গেছে, অভিযুক্ত ইমন দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। তবে কী কারণে এ ঘটনা ঘটেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

আজকালের কন্ঠ/আর বি