আংগারিয়ায় চেয়ারম্যান প্রার্থী খোকন মৃধার মতবিনিময় সভা, উন্নয়নের প্রতিশ্রুতি | Daily AjKaler Kontho

আংগারিয়ায় চেয়ারম্যান প্রার্থী খোকন মৃধার মতবিনিময় সভা, উন্নয়নের প্রতিশ্রুতি


দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি প্রকাশের সময় : সেপ্টেম্বর ১৯, ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন
আংগারিয়ায় চেয়ারম্যান প্রার্থী খোকন মৃধার মতবিনিময় সভা, উন্নয়নের প্রতিশ্রুতি

আসন্ন পটুয়াখালীর দুমকি উপজেলার ৪ নম্বর আংগারিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদপ্রার্থী মো. জহিরুল ইসলাম খোকন মৃধার সমর্থনে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেল ৫টায় সাতানী আমির উদ্দিন স্মৃতি মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ সভার আয়োজন করা হয়। এতে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার কয়েক হাজার নারী-পুরুষ ও নবীন ভোটার অংশ নেন।

সাতানী আমির উদ্দিন স্মৃতি মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আলী আশরাফ সিকদারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জয়নাল হাওলাদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আব্দুল লতিফ বিশ্বাস, হান্নান সিকদার, আব্দুল জব্বার হাওলাদার, এনামুল হক মালেক জোমাদ্দার, মেনহাজ মৃধা, হেলাল হাওলাদার, এমদাদুল ইসলাম, বিউটি বেগম ও হেলেনা বেগমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

সভায় আংগারিয়া ইউনিয়নের সার্বিক উন্নয়ন, রাস্তাঘাটের উন্নয়ন, জনসেবা নিশ্চিতকরণ এবং মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠনের বিষয়ে আলোচনা হয়। এ সময় স্থানীয় বাসিন্দারা তাদের বিভিন্ন সমস্যা, প্রত্যাশা ও চাওয়ার কথা তুলে ধরেন। চেয়ারম্যান প্রার্থী খোকন মৃধা এসব বিষয় মনোযোগ দিয়ে শোনেন এবং নির্বাচিত হলে ইউনিয়নের উন্নয়নে তার পরিকল্পনার কথা জানান।

সভায় চেয়ারম্যান প্রার্থী মো. জহিরুল ইসলাম খোকন মৃধা বলেন, “আংগারিয়াকে একটি আধুনিক ও স্মার্ট ইউনিয়নে রূপান্তর করতে চাই। নির্বাচিত হলে কাঁচা-পাকা রাস্তাঘাটের উন্নয়ন, মাদক নির্মূল এবং অবহেলিত মানুষের দোরগোড়ায় নিরবচ্ছিন্ন সেবা পৌঁছে দেওয়াকে অগ্রাধিকার দেওয়া হবে।”

তিনি আরও বলেন, আসন্ন নির্বাচনে জয়লাভের বিষয়ে তিনি শতভাগ আশাবাদী। তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা এবং ইউনিয়নের সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে কার্যকর উদ্যোগ নেওয়ারও প্রতিশ্রুতি দেন তিনি।

আজকালের কন্ঠ/আর বি