ঘোড়াঘাটে পূজা উদ্‌যাপন পরিষদের কাউন্সিল সভাপতি বিষ্ণু চন্দ্র, সাধারণ সম্পাদক স্বরূপ কুমার | Daily AjKaler Kontho

ঘোড়াঘাটে পূজা উদ্‌যাপন পরিষদের কাউন্সিল সভাপতি বিষ্ণু চন্দ্র, সাধারণ সম্পাদক স্বরূপ কুমার


ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি প্রকাশের সময় : অগাস্ট ২২, ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন
ঘোড়াঘাটে পূজা উদ্‌যাপন পরিষদের কাউন্সিল সভাপতি বিষ্ণু চন্দ্র, সাধারণ সম্পাদক স্বরূপ কুমার

দিনাজপুরের ঘোড়াঘাটে বাংলাদেশ পূজা উদ্‌যাপন পরিষদ উপজেলা শাখার দ্বি-বার্ষিক কাউন্সিল-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। কাউন্সিলে পূর্বের কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।

শুক্রবার (২১ আগস্ট) বিকেল ৩টায় উপজেলার রাণীগঞ্জ বাজার কেন্দ্রীয় সার্বজনীন দুর্গা মন্দির প্রাঙ্গণে এ কাউন্সিল অনুষ্ঠিত হয়। বাংলাদেশ পূজা উদ্‌যাপন পরিষদ, ঘোড়াঘাট উপজেলা শাখা এ কাউন্সিলের আয়োজন করে।

অনুষ্ঠানের শুরুতে অতিথি ও কাউন্সিলররা আসন গ্রহণ করেন। এরপর সম্প্রতি প্রয়াতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন, গীতা পাঠ এবং শুভ উদ্বোধন ঘোষণা করা হয়।

কাউন্সিলে সভাপতিত্ব করেন উপজেলা পূজা উদ্‌যাপন পরিষদ, ঘোড়াঘাটের সভাপতি কার্তিক চন্দ্র সরকার। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা পূজা উদ্‌যাপন পরিষদের সাধারণ সম্পাদক জগদীশ চন্দ্র চক্রবর্তী।

পরে পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষণা করে নতুন কমিটি ঘোষণা করা হয়। এতে শ্রীযুক্ত বাবু বিষ্ণু চন্দ্র সরকারকে সভাপতি, শ্রীযুক্ত বাবু স্বরূপ কুমার সাহাকে সাধারণ সম্পাদক এবং শ্রীযুক্ত বাবু বিপুল চন্দ্র সরকারকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা পূজা উদ্‌যাপন পরিষদের সাধারণ সম্পাদক শ্রীযুক্ত বাবু উত্তম কুমার রায়। উদ্বোধক ছিলেন জেলা পূজা উদ্‌যাপন পরিষদের সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট দ্বিজেন্দ্রনাথ রায়।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পূজা উদ্‌যাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক শ্রীযুক্ত বাবু সঞ্জিত কুমার রায়। এছাড়া জেলা পূজা উদ্‌যাপন পরিষদের সদস্য শ্রীযুক্ত বাবু জয়ন্ত মিশ্রসহ স্থানীয় নেতৃবৃন্দ ও সনাতন ধর্মাবলম্বীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে রাণীগঞ্জ বাজার কেন্দ্রীয় সার্বজনীন দুর্গা মন্দির কমিটির পক্ষ থেকে সার্বিক সহযোগিতা ও তত্ত্বাবধান করা হয়। মন্দির কমিটির সাধারণ সম্পাদক স্বরূপ কুমার সাহাসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এতে উপস্থিত ছিলেন।

কাউন্সিলে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা, সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে ঐক্য ও ধর্মীয় সম্প্রীতি বজায় রাখা এবং আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করার বিষয়ে আলোচনা করা হয়।

নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ সংগঠনের কার্যক্রম আরও শক্তিশালী করার পাশাপাশি ধর্মীয় সম্প্রীতি ও সামাজিক শান্তি বজায় রাখতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

আজকালের কন্ঠ/আর বি