মাদারীপুরে মানবপাচার মামলার বাদীকে প্রাণনাশের হুমকি | Daily AjKaler Kontho

মাদারীপুরে মানবপাচার মামলার বাদীকে প্রাণনাশের হুমকি


এস এম তানবীর​ ,মাদারীপুর প্রতিনিধি : প্রকাশের সময় : অগাস্ট ১৮, ২০২৬, ৬:১৯ অপরাহ্ন
মাদারীপুরে মানবপাচার মামলার বাদীকে প্রাণনাশের হুমকি

লিবিয়ায় মানবপাচারকারীদের নির্যাতনের পর সন্তানকে নিখোঁজ রেখে মানবপাচার মামলার বাদীকে প্রাণনাশের হুমকির বিচার দাবিতে মাদারীপুরের রাজৈরে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার। মঙ্গলবার দুপুরে রাজৈর উপজেলার বদরপাশা ইউনিয়নের হুজুরী গ্রামে নিজ বাসভবনে এই সংবাদ সম্মেলন করেন নিখোঁজ ইমন শেখের বাবা সিরাজ শেখ।
​
​সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে কান্নাজড়িত কণ্ঠে সিরাজ শেখ জানান, তার ছেলে ইমন শেখকে ভালো কাজের প্রলোভন দেখিয়ে ইতালি পাঠানোর কথা বলে লিবিয়ায় নিয়ে নির্যাতন করে কয়েক ধাপে ৫২ লাখ টাকা হাতিয়ে নেয় রাজৈর উপজেলার ইশিবপুর ইউনিয়নের সাতবাড়িয়া ভোটঘর এলাকার খোরশেদ শেখের ছেলে রবিউল শেখ।

তবে তাদের দাবিকৃত টাকা দিয়েও দীর্ঘ একবছর যাবত ইমনের কোন খোঁজ না পাওয়ায় চলতি বছরের জানুয়ারি মাসের ৫ তারিখে বিজ্ঞ মানবপাচার অপরাধ দমন ট্রাইব্যুনাল আদালতে একটি মামলা দায়ের করেন নিখোঁজের পিতা সিরাজ শেখ।

বর্তমানে মামলাটি তুলে নিতে ভুক্তভোগী পরিবারকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে মানবপাচারকারী দালাল রবিউল শেখের বিরুদ্ধে। এ ঘটনায় দ্রুত বিচার দাবি করেছেন ভুক্তভোগীরা।

আজকালের কন্ঠ/আর এস