
সবুজ, পরিচ্ছন্ন ও বাসযোগ্য ঝালকাঠি গড়ে তোলার প্রত্যয়ে বৃক্ষরোপণ কর্মসূচি ও শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করেছে ঝালকাঠি পৌরসভা। সোমবার (১০ আগস্ট) সকালে শহরের কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ মাঠে এ কর্মসূচির আয়োজন করা হয়।
কর্মসূচির অংশ হিসেবে শিক্ষার্থীদের হাতে বিভিন্ন প্রজাতির গাছের চারা তুলে দেওয়া হয়। চারা বিতরণ করেন ঝালকাঠি পৌরসভার প্রশাসক ও স্থানীয় সরকার শাখার উপপরিচালক জুলিয়া সুকায়না।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. বশির গাজী, ঝালকাঠি পৌর নির্বাহী কর্মকর্তা মোসা. সাহিন সুলতানা, সহকারী প্রকৌশলী (সিভিল) টি এম রেজাউল হক রিজভী, উপসহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) মো. নাজমুল হাসানসহ বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী এবং পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা।
কর্মসূচিতে বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং একটি বাসযোগ্য নগর গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। শুধু গাছ লাগালেই হবে না, এর যথাযথ পরিচর্যা ও সংরক্ষণও নিশ্চিত করতে হবে।
তারা আরও বলেন, শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই গাছ লাগানো ও পরিচর্যার প্রতি আগ্রহী করে তুলতে পারলে ভবিষ্যতে পরিবেশবান্ধব প্রজন্ম গড়ে উঠবে। শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দেওয়ার মাধ্যমে পরিবেশ সংরক্ষণে সচেতনতা সৃষ্টি এবং সবুজ ভবিষ্যৎ গড়ার প্রত্যয় আরও জোরালো হবে।
বক্তারা শিক্ষার্থীদের প্রত্যেককে নিজ নিজ চারা যত্নসহকারে রোপণ ও পরিচর্যার আহ্বান জানান। পাশাপাশি শহরের সৌন্দর্য ও পরিবেশের ভারসাম্য রক্ষায় সম্মিলিতভাবে আরও বেশি করে বৃক্ষরোপণ করার ওপর গুরুত্বারোপ করেন।
আজকালের কন্ঠ/আর বি
আপনার মতামত লিখুন :